জামালপুরে ৩৬০০ ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা আটক

১ দিন আগে
জামালপুরের মেলান্দহ উপজেলায় সাড়ে তিন হাজার পিসের বেশি ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আলামিন শিলু (৩৭) এবং হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী (৪০)। আলামিন আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মৃত মজনু শেখের ছেলে এবং আইয়ুব আলী ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।


জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ ওই দুজনকে আটক করা হয়।


আরও পড়ুন: পুলিশের ভয়ে একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি!


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


দলীয় নেতার মাদকসহ আটকের বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। আমরাও মাদকের বিষয়ে কোনো আপস করব না। আলামিন শিলুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন