বিকেল ৩টার দিকে প্রচণ্ড বাতাসে দিনের আলোয় অন্ধকার নেমে আসে এবং শুরু হয় ঘণ্টাব্যাপী ঝড়-বৃষ্টি।
কালবৈশাখী ঝড়ের সময় মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কড়ইচুড়া গ্রামে মর্জিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রাজিবের স্ত্রী এবং তিন বছর বয়সী এক কন্যা সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা বেগম রান্নাঘরে কাজ করার সময় পাশে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শেফালী (২৮) নামে আরেক নারী আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামে বজ্রপাতে হাসমত আলী হাসু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের হাবিব মন্ডলের ছেলে। এলাকাবাসী জানান, হঠাৎ ঝড় শুরু হলে হাসু মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতের শিকার হন।
এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন- আনোয়ার (৩৪), শাওন (২৫), সেফালী (২৭) ও সুখি (১৪)। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনোয়ারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে তিনজনসহ ৫ জনের মৃত্যু
ঝড়ের তাণ্ডবে মেলান্দহের ফুলকোচা সাব জোনাল অফিস এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুরের ময়নার মোড়ে একটি বিশাল বটগাছ উপড়ে পড়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·