মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি এলজি, ২৭টি পাইপগান, একটি এয়ারগান, ১১১৩ রাউন্ড গুলিসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।’
ডিআইজি মো. আহসান হাবীব পলাশ জানান, এখানে যেসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল সেগুলো নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। সন্ত্রাসীরা যেসব পয়েন্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতো সেগুলো বিনষ্ট করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: জঙ্গল সলিমপুরে ৩ হাজার সদস্যের যৌথ অভিযান, অস্ত্রসহ আটক ১২
তিনি আরও বলেন, ‘এখানে পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প করা হয়েছে। এর মধ্যে একটি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পে জেলা পুলিশ ও এপিবিএন এর মোট ১৩০ জন সদস্য এবং আলী নগর উচ্চ বিদ্যালয় আরআরএফ, এপিবিএন এবং র্যাব ৭এর মোট ২৩০ জন সদস্য রয়েছে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।’
এ সময় র্যাব-৭ এর সিও লে. কর্নেল মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র মজুদ, পাহাড় কেটে প্লট বিক্রি এবং অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্যকে ঠেকাতে জঙ্গল সলিমপুরে ট্রাক, ভাঙা হলো কালর্ভাট
৯ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম জেলা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এপিবিএন, আরআরএফসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বমোট ৩,১৮৩ জন সদস্য অংশগ্রহণ করেন। এ ছাড়াও সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে দায়িত্ব পালন করেন।
অভিযান পরিচালনায় তিনটি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র্যাব ও সিএমপির তিনটি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করা হয়।

৩ দিন আগে
৩







Bengali (BD) ·
English (US) ·