ছয় মাস জেল খাটার পর মুক্তি পেলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

৪ সপ্তাহ আগে
ভারতের লাদাখের প্রখ্যাত অধিকারকর্মী সোনম ওয়াংচুককে আটক রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দেশটির সরকার। এখন থেকে ছয় মাস আগে লাদাখে এক সহিংস বিক্ষোভের পর তাকে গ্রেফতার করা হয়েছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুযায়ী আটক রাখার সিদ্ধান্ত ‘পর্যালোচনার পর’ সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা করা হলো।

 

লেহ এপেক্স বডির আইনজীবী মুস্তফা হাজি  সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ওয়াংচুক আজ শনিবার (১৪ মার্চ) পশ্চিম ভারতের জোধপুর শহরের জেল থেকে মুক্তি পেয়েছেন।

 

৫৯ বছর বয়সি ওয়াংচুক পরিবেশ রক্ষার আন্দোলনের জন্য পরিচিত এবং লাদাখের অধিক স্বায়ত্তশাসনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে তার।

 

প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াংচুক হিমালয়ের পানি সংরক্ষণ প্রকল্পের জন্য সুপরিচিত। ২০১৮ সালে পরিবেশ রক্ষা ও লাদাখের স্থানীয় শিক্ষার সংস্কারের জন্য তিনি সম্মানিত রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 

 

আরও পড়ুন: ভারতের কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান: রাষ্ট্রদূত

 

ওয়াংচুকের জীবন ও কাজের প্রেরণায় বলিউড অভিনেতা আমির খান থ্রি ইডিয়টস নামে একটি সিনেমায় তার চরিত্রে অভিনয় করেছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে এক বিক্ষোভের পর তাকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। সেই বিক্ষোভে চারজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।

 

নয়াদিল্লির দাবি, ওয়াংচুকের ‘উত্তেজক ভাষণ’ ওই সহিংসতার জন্য দায়ী। তিনি তখন লাদাখকে পূর্ণ রাজ্য করার বা আদিবাসী সম্প্রদায়ের, জমি ও পরিবেশের সুরক্ষার জন্য অনশন করছিলেন। সেই সময় লেহ জেলার ম্যাজিস্ট্রেট বলেছিলেন, জনশান্তি বজায় রাখার জন্য এই নির্দেশ প্রয়োজন ছিল।

 

জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, কাউকে ১২ মাস পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া আটক রাখা যেতে পারে। তবে মুক্তি দেয়া হলেও ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়া হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। 

 

আরও পড়ুন: হাদি হত্যা মামলার অভিযুক্তদের তথ্যে পশ্চিমবঙ্গে আরেক বাংলাদেশি গ্রেফতার

 

মন্ত্রণালয় আরও জানায়, সরকার লাদাখে ‘শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি’ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘সমস্ত পক্ষের সঙ্গে অর্থবহ সংলাপ’ চালাতে চায়। 

তথ্যসূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন