ইউক্রেনের দোনেৎস্কে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। তাদের ড্রোন হামলায় স্থানীয় একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাপোরিঝিয়া অঞ্চলে আরেক আক্রমণে নারী ও শিশুসহ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া এসব হামলায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি করেছেন স্থানীয় গভর্নর।
জবাবে কুরস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। গুলি ও ড্রোন হামলায় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্রাসনোদর অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রুশ কর্তৃপক্ষের দাবি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এদিকে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দুই দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক মাত্র দুই ঘণ্টা স্থায়ী হয়। আলোচনার বিষয়বস্তু বা কোনো বিষয়ে ঐকমত্য হয়েছে কি না, সে সম্পর্কে রাশিয়া ও ইউক্রেন কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।
আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় কিছু অগ্রগতি হলেও দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ এবং অধিকৃত ভূখণ্ডের ভাগ্য নিয়ে দুই পক্ষ এখনো অনড় অবস্থানেই আছে।
ইউক্রেন ইস্যুতে ইউরোপের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই জার্মানিতে মহড়া চালিয়েছে ন্যাটো। বুধবারের এই মহড়ায় অংশ নেয় মিত্র বাহিনীর হাজার হাজার সেনা ও সামরিক যান। বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ এবং সমুদ্র তলদেশের অবকাঠামোতে হামলার হুমকি মোকাবিলায় এই শক্তি প্রদর্শন করা হচ্ছে।
]]>
২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·