‘চিহ্নিত হচ্ছে এসপিদের রাজনৈতিক পরিচয়’ ‘আগের মালিকের কাছে ফেরার সুযোগ একীভূত পাঁচ ব্যাংকের’

১৬ ঘন্টা আগে
দেশের শীর্ষস্থানীয় সব জাতীয় পত্রিকা রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে মধ্যপ্রাচ্যের শান্তি সংলাপ ইস্যুকে গুরুত্ব দিয়ে খবর ছেপেছে। এছাড়ও এদিন পত্রিকাগুলো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে। এর মধ্যে প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক সংলাপ- মানবজমিনের প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি ও লেবানন ইস্যুতে যত টানাপড়েন। এর ফলে থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার বিকেলে আলোচনা শুরু হলেও বিভিন্ন দাবিতে উভয় পক্ষ অনড় অবস্থানে ছিল। গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। তারা নিজেদের মধ্যে নথি বিনিময় করেছেন। এরপরই টেকনিক্যাল লেভেলে আলোচনা শুরু হয়ে তা চলছিল। কিন্তু যুদ্ধের ভয়াবহতা ও ইস্যুগত জটিলতায় এই আলোচনাকে রোববারও অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছিল পাকিস্তান।

 

 

ইসলামাবাদে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা সেরেনা হোটেলে দু’পক্ষ যখন আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। বলেন, তারা যুদ্ধে হেরে গেছে। এ ছাড়া ঐতিহাসিক হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করে তাতে জাহাজ চলাচলের জন প্রস্তুত করছেন বলেও জানান তিনি। জবাবে ইরান সতর্ক করে বলে, হরমুজে জাহাজ অতিক্রম করার ৩০ মিনিটের মধ্যে তাতে হামলা করবে ইরান।

 

ব্যাংক রেজল্যুশন বিলে নতুন ধারা/ আগের মালিকের কাছে ফেরার সুযোগ একীভূত পাঁচ ব্যাংকের-সমকালের প্রথম পাতার সংবাদ এটি।

 


এই প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে পাস করায় একীভূত ব্যাংক আগের মালিকদের কাছে ফেরার সুযোগ তৈরি হয়েছে। একীভূত ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার এ পর্যন্ত যে অর্থ দিয়েছে, তার সাড়ে ৭ শতাংশ পরিশোধ করে আগের মালিকরা এর নিয়ন্ত্রণ নিতে পারবেন।

 

 

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক তাদের অভ্যন্তরীণ বৈঠকে এমন ধারা সংযোজনের বিপক্ষে মত দিয়েছিল। বিরোধী দলও সংসদে এ বিষয়ে আপত্তি জানিয়েছে। তবে ১৮(ক) ধারা সংযুক্ত করেই গত শুক্রবার সংসদে বিলটি পাস হয়।

 

পুলিশের গোপনীয় প্রতিবেদন/ চিহ্নিত হচ্ছে এসপিদের রাজনৈতিক পরিচয়- যুগান্তরের প্রথম পাতার সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়, পুলিশ সুপারদের (এসপি) রাজনৈতিক পরিচয় নিয়ে খোদ পুলিশ সদর দপ্তর থেকে গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত গোপনীয় প্রতিবেদন আনঅফিশিয়াল চ্যানেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়। এর ভিত্তিতে পুলিশের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ এ শীর্ষ পদে সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের পদায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এখনো এসপি পদে আওয়ামী আমলের সুবিধাভোগী কর্মকর্তাদের একটি অংশ কর্মরত। এছাড়া জামায়াতপন্থি এসপিদের সংখ্যাও কম নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের ৬৪ জেলার এসপিদের মধ্যে বিএনপিপন্থি ১৬, জামায়তপন্থি ৩২ এবং আওয়ামী ও মধ্যমপন্থি হিসাবে ৮ জন করে কর্মরত ছিলেন ১৬ জন।

 

 

এদিকে বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত নয় জেলার এসপি বদল করা হয়েছে। এগুলো হলো-সিলেট, ময়মনসিংহ, জামালপুর, হবিগঞ্জ, বরিশাল, বগুড়া, মাগুরা, মাদারীপুর ও খাগড়াছড়ি। তবে দুইজন বিএনপিপন্থি না হওয়ায় এ পদায়ন নিয়ে কিছুটা ক্ষোভও রয়েছে পুলিশের অভ্যন্তরে।

 

মাধ্যমিক শিক্ষা/দক্ষিণ এশিয়ায় ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ- বণিক বার্তার প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়, ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যেও এ চিত্র স্পষ্ট হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে বাংলাদেশের অবস্থান সবার পেছনে। এখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ২০২৪; নেপালের ২০২৫; শ্রীলংকা ও ভুটানের ২০২৩ এবং মালদ্বীপের ২০২২ সালের তথ্য ধরে বিশ্লেষণটি করা হয়েছে। কেননা নেপাল বাদে বাকি দেশগুলোর সর্বশেষ প্রতিবেদন ওই নির্দিষ্ট বছরগুলোতেই প্রকাশ হয়।

 

 

তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাধ্যমিক স্তরে গড়ে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হার মাত্র ৫৫ শতাংশ। ইউনেস্কো এ হার নির্ধারণে দুটি মানদণ্ড বিবেচনা করেছে—প্রথমত, শিক্ষকরা সংশ্লিষ্ট স্তরে পাঠদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছেন কিনা এবং দ্বিতীয়ত, তাদের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক যোগ্যতা সে স্তরের জন্য উপযুক্ত কিনা। এ মানদণ্ড অনুযায়ী দেখা যায়, বাংলাদেশে নিম্ন মাধ্যমিক স্তরে যোগ্যতাসম্পন্ন শিক্ষকের হার ৫৪ দশমিক ৭ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৫৫ দশমিক ২ শতাংশ। অর্থাৎ দুই স্তরেই দক্ষ শিক্ষকের ঘাটতি স্পষ্ট।

 

৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে, বিপুল ব্যয়-প্রথম আলোর প্রধান খবর এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়, বিপুল ব্যয়ে দেশের বিভিন্ন জেলায় আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও বছরের পর বছর অব্যবহৃত পড়ে আছে। হাসপাতাল ভবন আছে, কিন্তু কার্যক্রম চালু হয়নি—এমন চিত্র দেখা গেছে রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায়।

 

 

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রথম আলোর প্রতিনিধিরা কথা বলে জানতে পেরেছেন, এই ছয়টি হাসপাতালের নির্মাণকাজ শেষ করলেও জনবল, আসবাব, চিকিৎসা সরঞ্জাম ও অর্থ বরাদ্দ না থাকায় রংপুর ছাড়া বাকি পাঁচটি হাসপাতাল স্বাস্থ্য বিভাগের কোনো প্রতিষ্ঠান ভবন বুঝে নিতে আগ্রহ দেখাচ্ছে না। অব্যবহৃত অবকাঠামো পড়ে থেকে নষ্ট হচ্ছে, একাধিক ভবনে চুরির ঘটনাও ঘটছে।

 

কুষ্টিয়ায় ‘পীর’কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা -দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে ‘পীর’ শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে (৬৫) বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই সময় রেজার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল শনিবার দুপুর আড়াইটায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে।

 

 

ঘটনার পরপরই স্থানীয় সংসদ সদস্য, কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনায় জড়িতদের দ্রুত আইনের অওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন