চিলের মতো ভোট ছিনিয়ে নিতে চাইলে ডানা ছিঁড়ে ফেলবেন: জামায়াত আমির

৪ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনাদের সাবধান করে দিয়ে যাচ্ছি, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রূপ ধরে কারও ভোট ছোঁ মেরে নিতে চায়, তবে তার ডানাসহ ছিঁড়ে ফেলবেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার মোড় সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জামায়াত আমির বলেন, ‘গত ১৫ বছরের সেই সংস্কৃতি আর চলবে না যে, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন থেকে আমার ভোট আমি দেব, তোমার ভোট তুমি দাও। আমার ভোটে হাত বাড়ালে খবর আছে।’

 

রাজনীতির নতুন সংস্কৃতি নিয়ে তিনি বলেন, ‘শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। পৈতৃক বা জমিদারি সূত্রে রাজনীতি এ দেশের মানুষ আর দেখতে চায় না। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বের প্রতিটি দেশকে বন্ধু হিসেবে পেতে চাই, কাউকেই প্রভু হিসেবে দেখতে চাই না। অতীতে বন্ধুত্বের বদলে কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম করা হয়েছিল। আমাদের ঘাড়ে চেপে বসে ৫৪ বছরের অনেক সম্ভাবনাকে ধূলিসাৎ করে দেয়া হয়েছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না।’

 

আরও পড়ুন: এ দেশে কোনো পরিবারের নয়, জনগণের রাজনীতি চলবে: জামায়াত আমির

 

জাতীয় ঐক্যের ডাক দিয়ে জামায়াত আমির বলেন, ‘কিছু লোক জাতিকে বিভক্ত করেছে। আমরা সব বিভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই। যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে একটি ফুলের বাগানের মতো শান্তিতে বসবাস করবে। দেশপ্রেম ও যোগ্যতার ভিত্তিতেই মানুষের মূল্যায়ন হবে।’

 

বাগেরহাটের উন্নয়ন বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বাগেরহাটের অনেক সমস্যা আছে, বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। ২০১৫ সালে আমি শরণখোলায় গিয়েছিলাম, সেখানে ভালো কোনো রাস্তা নেই। যারা বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছেন, আমরা তাদের ধন্যবাদ জানাতে পারি না। আমরা ক্ষমতায় গেলে কোনো বিশেষ ব্যক্তির এলাকা দেখে নয়, বরং জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করব। এ জাতিকে পাল্টানোর জন্য পাঁচ বছরই যথেষ্ট।’

 

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি শুধু একা নন, প্রিয়জন ও এলাকাবাসীকে নিয়ে ভোট দিতে যাবেন। এটি আপনাদের ঐতিহাসিক দায়িত্ব।’ জনসভা শেষে তিনি বাগেরহাটের চারটি সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

 

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বাগেরহাট-১ আসনের প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন