চট্টগ্রামে গান গেয়ে ও নেচে যুবককে পিটিয়ে হত্যা: ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

২ দিন আগে
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় শাহাদাত হোসেন নামের এক যুবককে নেচে-গেয়ে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। ঘটনার দেড় বছর পর গত ৮ এপ্রিল পাঁচলাইশ থানা-পুলিশ চট্টগ্রাম আদালতে এই প্রতিবেদন জমা দেয়।

হত্যাকাণ্ডের শিকার শাহাদাত হোসেন (২৪) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। তিনি নগরের ফলমণ্ডির একটি দোকানে কাজ করতেন।


মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- ফরহাদ আহমেদ চৌধুরী (৪৩), আনিসুর রহমান (২০), মেহেদী হাসান (২৭) ও মো. মাজেদ (২২)। এ ছাড়া ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে আলাদা একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে।


পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৩ আগস্ট রাতে দুই নম্বর গেট এলাকায় ট্রাফিক সিগন্যালের পিলারের সঙ্গে বেঁধে শাহাদাতকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে প্রবর্তক মোড় এলাকার একটি নালার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের প্রায় এক মাস পর হত্যাকাণ্ডের একটি লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কিছু লোক গান গাইছে ও বাঁশি বাজাচ্ছে, আর মাঝখানে দুই হাত বাঁধা অবস্থায় শাহাদাতকে নির্মমভাবে মারধর করা হচ্ছে। মূলত ওই ভিডিওর সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ।


আরও পড়ুন: চুরির অপবাদে ছেলেকে পিটিয়ে হত্যা, বিচার না করে বৃদ্ধ বাবাকে আপসের চাপ


মামলার তদন্ত কর্মকর্তা এস এম সফিউল আজম মুন্সী বলেন, 'ভিডিও ফুটেজ এবং সাক্ষীদের জবানবন্দিতে নিশ্চিত হওয়া গেছে যে, ১৫ থেকে ২০ জন মিলে ছিনতাইকারী সন্দেহে 'মব' তৈরি করে শাহাদাতকে পিটিয়ে হত্যা করে। শনাক্ত হওয়া পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আরও দুজনকে শনাক্ত করা গেলেও পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।'


অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিহতের বিরুদ্ধে আগে একটি ছিনতাই মামলা ছিল। তবে চুরির অপবাদ দিয়ে বা ছিনতাইকারী সন্দেহে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা মো. হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন