ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলের শহর সামরেবোইয়েতে সামারটেক্স-এর বিপক্ষে ম্যাচ শেষে বেরেকুম চেলসি দলটি ফিরছিল। ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়ক এলাকায় তাদের বহনকারী বাসটি সশস্ত্র ডাকাত দলের মুখে পড়ে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন ডমিনিক ফ্রিমপং।
সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে বেরেকুম চেলসি জানায়, ‘সামরেবোই থেকে বেরেকুমে ফেরার পথে আমাদের দলের বাসটি একদল সশস্ত্র ডাকাত দ্বারা আক্রান্ত হয়। তারা রাস্তা আটকে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করে। বাসচালক যখন গাড়িটি পেছানোর চেষ্টা করছিলেন, তখন মুখোশধারী একদল লোক বন্দুক ও অ্যাসল্ট রাইফেল নিয়ে বাস লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জীবন বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা পাশের ঝোপঝাড়ে গিয়ে আশ্রয় নেন।’
আরও পড়ুন: ‘সুযোগসন্ধানী’রা মেসির সাফল্যকে ব্যবহার করে নিজেদের প্রচার করতে চায়
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) পরে নিশ্চিত করে ডাকাতদের এই হামলায় বেরেকুম চেলসির ২০ বছর বয়সী উইঙ্গার ফ্রিমপং প্রাণ হারিয়েছেন।
এক বিবৃতিতে জিএফএ বলেছে, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই বিয়োগান্ত ঘটনা শুধু বেরেকুম চেলসির জন্যই নয়, বরং পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। ডমিনিক ছিলেন এক উজ্জ্বল তরুণ প্রতিভা; ফুটবলের প্রতি তার নিষ্ঠা ও আবেগ আমাদের লিগের প্রাণশক্তি হয়ে উঠেছিল।’
আরও পড়ুন: ইরান বিশ্বকাপ না খেললে কি ইতালির দরজা খুলবে?
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ঘরোয়া লিগের ম্যাচ খেলতে যাওয়া-আসার সময় ক্লাবগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার। খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, ২০২৩ সালেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেবার সামারটেক্স-এর বিপক্ষে ম্যাচ শেষে ফেরার পথে লেগন সিটিস দলের বাসে হামলা চালায় দুর্বৃত্তরা। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি, তবে ঘটনাটি তৎকালীন সময়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছিল।
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·