গ্রাম্য সালিসকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ-লুটপাট

৩ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের কুথানিপাড়া এলাকায় গ্রাম্য শালিস বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শিবগঞ্জ ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে গ্রাম্য শালিস বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হলে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

এ ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর আলীসহ দুই ব্যক্তি আহত হয়েছেন। এছাড়াও অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন