গোপালগঞ্জে ছেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ মায়ের

২ দিন আগে
গোপালগঞ্জে সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে রহিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নুরুল গাজী পলাতক রয়েছেন।


​পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি দান করেন। এই জমি দান করাকে কেন্দ্র করে ছেলে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।


আরও পড়ুন: কুড়িগ্রামে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক


​বুধবার রাতে এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বৃদ্ধা রহিমা বিবাদ থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। এ সময় উত্তেজিত ছেলে নুরুল গাজী তার বৃদ্ধা মাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে আছড়ে পড়েন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা রহিমা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান,​ হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্টভাবে জানা যাবে।


আরও পড়ুন: ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন