‘গুরুতর’ চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ব্রাজিলিয়ান তারকা

১ সপ্তাহে আগে
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গতরাতে (২ মার্চ) গেতাফের কাছে হারের পর ‘গুরুতর’ চোটে পড়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। কিছু প্রতিবেদন অনুযায়ী চলতি মৌসুমে রয়াল মাদ্রিদের হয়ে আর মাঠে নামা হচ্ছে না তার। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন তিনি।

গেতাফে সান্তিয়াগো বের্নাব্যু সফরে এসে ১৫বারের ইউরোপ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে চমক দেখায়। ম্যাচের প্রথমার্ধে মার্তিন সাত্রিয়ানোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে গেতাফে।


রদ্রিগো ম্যাচটি শুরুর একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ আলভারো আরবেলোয়া তাকে মাঠে নামান, ম্যাচে ফেরার চেষ্টা হিসেবে কৌশলগত পরিবর্তন আনেন। তবে রিয়াল মাদ্রিদ গেতাফের শক্ত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। ফলে শিরোপা দৌড়ে তারা এখন বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে।


ম্যাচের পরদিন স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, রদ্রিগোর হাঁটুতে চোট লেগেছে। ম্যাচ শেষে মেডিক্যাল টিম তাকে পরীক্ষা করে এবং পরদিন সকাল পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ধারণা করা হচ্ছে, শনিবার (৭ মার্চ) সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচে তিনি খেলতে পারবেন না। আরও কয়েকটি ম্যাচ মিস করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। 

 

আরও পড়ুন: দুবাইয়ে আতঙ্কময় দিনের অভিজ্ঞতা শোনালেন ইংল্যান্ডের কিংবদন্তি


তবে, ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রদ্রিগো মারাত্মক এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছেন। কমপক্ষে ৭ মাসের জন্য তিনি ছিটকে গেছেন। অর্থাৎ চলতি মৌসুমে তার আর রিয়ালের হয়ে মাঠে নামার সম্ভাবনা নেই। এমনকি অলৌকিক কিছু না ঘটলে আগামী আসন্ন বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার।

 

মার্কার বরাত দিয়ে তিনি জানিয়েছেন, শিগগিরই রদ্রিগোর অস্ত্রোপচার করানো হবে।

 

এসিএল ইনজুরির কারণে বিশ্বকাপে অনিশ্চিত রদ্রিগোর খেলা। ছবি: এক্স


চলতি মৌসুমে লা লিগায় রদ্রিগো ১৯ ম্যাচে এক গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ৫ ম্যাচে এক গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন।


যদি রদ্রিগো অনুপস্থিত থাকেন, তবে কোচ আরবেলোয়ার ওপর চাপ আরও বাড়বে। কারণ ইতোমধ্যেই তিনি চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, এদার মিলিতাও, দানি সেবায়োস এবং রাউল অ্যাসেন্সিওর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়েছেন। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন