কয়েকদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। ঐতিহাসিক দিক বিবেচনা করলে, বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ এটি। তবে সময়ের পরিক্রমায় আরও জনপ্রিয় লিগে পরিণত হওয়া তো দূরের কথা, বিপিএলের মান ক্রমশ নিচের দিকে গিয়েছে। প্রতি বছরই নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে আলোচনায় আসে লিগটি। বিষয়গুলো যে আন্তর্জাতিক গণমাধ্যমেরও চোখ এড়ায় না, সেটা বোঝা গেল এবার ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটারের পর্যালোচনায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পর্যালোচনা করে তাদের করা র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে চিহ্নিত হয়েছে বিপিএল।
মূলত চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করেছে দ্য ক্রিকেটার। সেগুলো হলো- বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দশটি লিগের মধ্যে চালানো এই পর্যালোচনায় বিপিএল তিনটি ক্যাটাগরিতেই রয়েছে দশ নম্বরে। কেবল স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ রয়েছে দশম স্থানে, যেখানে বিপিএল নবম।
সামগ্রিক বিচারে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর র্যাঙ্কিংয়ে প্রত্যাশিতভাবেই সবার ওপরে থাকছে ভারতের আইপিএল, দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। তবে ক্রিকেটের মান এবং গ্রহণযোগ্যতার দিক থেকে আইপিএল এক নম্বরে থাকলেও বিনোদনের দিক থেকে এসএ টি-টোয়েন্টিকে প্রথমে রাখা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত, মত সাবেক পিসিবি চেয়ারম্যানের
সামগ্রিক বিচারে তালিকার তিনে আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, চারে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, পাঁচে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ, ছয়ে পাকিস্তানের পিএসএল, সাতে যুক্তরাষ্ট্রের এমএলসি, আটে আইএল টি-টোয়েন্টি, নয়ে শ্রীলঙ্কার এলপিএল এবং সবার শেষে বিপিএল।
'দ্য ক্রিকেটার' তাদের ব্যাখ্যায় বলেছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণেই কম রেটিং পেয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাদের মতে, 'সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট ছিল এলপিএল এবং বিপিএল, যেগুলোর সঙ্গে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ লেগেই আছে'। ব্যাখ্যায় আরও বলা হয়, উভয় টুর্নামেন্টেই ভালো করার স্পষ্ট সম্ভাবনা রয়েছে—বিশেষ করে ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে—কিন্তু তারা একই ধরনের সমস্যায় ভুগছে: ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘন ঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, খেলোয়াড়দের দলবদলের উচ্চ হার এবং বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারে একটি অস্থিতিশীল সময়সূচী।'
]]>
৪ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·