গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই পা হারালেন বাসচালক

১৮ ঘন্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে দুই পা হারিয়েছেন শান্ত মিয়া (২৭) নামে এক বাস চালক।

মঙ্গলবার (৫ মে) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বাস চালক শান্ত মিয়া গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ সময় আহত হন আরও ৩ বাস যাত্রী।


আহতরা হলেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু মিয়া (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়ার বিষ্ণু রায়ের স্ত্রী সাথী রাণী (২০) ও বগুড়ার শিবগঞ্জ গণকপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে মানিক মিয়া (৩১)।


স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় নিমার্ণাধীন ফ্লাইওভারের নিচে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত ট্রাভেলসের একটি বাস ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।


আরও পড়ুন: ঘর দেওয়ার প্রলোভনে দেড় কোটি টাকা নিয়ে উধাও ‘সংগঠনের কর্মকর্তা’


এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বাসচালকের এক পা সম্পূর্ণ ও আরেক পা আংশিক বিচ্ছিন্ন হয়ে গেছে।


গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, ঘুমের কারণে বাসচালক দুর্ঘটনার শিকার হন। আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য দ্রত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন