খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর বহিরাগতদের হামলা-হুমকি

১ সপ্তাহে আগে
খুলনায় প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর বহিরাগতদের হামলা, হুমকি ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ ঘটনার পর ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে খুলনা প্রেসক্লাবে ঢুকে সেখানে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এ সময় প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে চলমান প্রচারণার মধ্যে সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকা ও গালিগালাজ করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা এখন টেলিভিশনের খুলনা বিশেষ প্রতিনিধি মো. তরিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।


হামলার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।


বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

আরও পড়ুন: চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা


সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।’


এ সময় সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়।’


ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন