ক্রিপ্টোর মাধ্যমে সামরিক ড্রোন কিনছে রাশিয়া ও ইরানঘনিষ্ঠ গোষ্ঠীগুলো: রিপোর্ট

১ সপ্তাহে আগে
রাশিয়া ও ইরানের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো স্বল্পমূল্যের সামরিক ড্রোন ও যন্ত্রাংশ কিনতে অর্থায়নের জন্য ক্রমবর্ধমানভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে ব্লকচেইন অ্যানালিটিক্স ফার্ম চেইনালাইসিস।

সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতে বর্তমানে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে বাণিজ্যিকভাবে উপলব্ধ ড্রোনগুলো। কিন্তু বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে স্বল্পমূল্যের ড্রোন সহজলভ্য হওয়ায়, এই কেনাকাটার পেছনে কারা রয়েছে এবং পণ্যগুলো নিয়ে তাদের উদ্দেশ্য কী হতে পারে, তা শনাক্ত করা কর্তৃপক্ষের জন্য প্রায়শই কঠিন হয়ে পড়ে।

 

রিপোর্টে বলা হয়েছে, অধিকাংশ ড্রোন ক্রয় প্রচলিত আর্থিক ব্যবস্থার মাধ্যমে হলেও, ক্রয়কারী নেটওয়ার্কগুলো ক্রমেই ব্লকচেইনের সঙ্গে জড়িয়ে পড়ছে। ব্লকচেইন হলো সেই পাবলিক ডিজিটাল লেজার, যার ভিত্তিতে ক্রিপ্টোকারেন্সি পরিচালিত হয়। এই লেজার অনুসন্ধানকারীদের একটি লেনদেনের উৎস থেকে গন্তব্য পর্যন্ত পথ চিহ্নিত করতে সাহায্য করে।

 

ড্রোন নির্মাতা বা আধাসামরিক গোষ্ঠীর সাথে যুক্ত ব্যক্তিগত ওয়ালেট থেকে ই-কমার্স সাইটের বিক্রেতাদের কাছ থেকে স্বল্পমূল্যের ড্রোন এবং এর যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির প্রবাহ শনাক্ত করতে সক্ষম হয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে দুর্ধর্ষ চেচেন আর্মি!

 

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ অভিযানের পর থেকে রুশপন্থি গোষ্ঠীগুলো ক্রিপ্টো অনুদান হিসেবে ৮৩ লাখ ডলারের বেশি সংগ্রহ করেছে এবং সেই অনুদান দিয়ে বিশেষভাবে তালিকাভুক্ত কেনাকাটার মধ্যে ড্রোনও রয়েছে।

 

চেইনালাইসিস-এর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান এন্ড্রু ফিয়ারম্যান বলেন, ‘ব্লকচেইনে এই এক অসাধারণ সুযোগ রয়েছে যে, একবার বিক্রেতাকে শনাক্ত করতে পারলে প্রতিপক্ষের কার্যকলাপ দেখা যায় এবং এমন মূল্যায়ন করা যায়, যা সেই ব্যবহার এবং ক্রয়ের পেছনের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করে।’

 

প্রতিবেদনে আরও দেখা গেছে, ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো ড্রোনের যন্ত্রাংশ সংগ্রহ করতে এবং সামরিক সরঞ্জাম বিক্রি করতে ক্রিপ্টো ব্যবহার করছে। এতে বিশেষভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাথে যুক্ত একটি ক্রিপ্টো ওয়ালেটের কথা তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে হংকং-ভিত্তিক এক সরবরাহকারীর কাছ থেকে ড্রোনের যন্ত্রাংশ কিনছিল।

 

সূত্র: রয়টার্স

]]>
সম্পূর্ণ পড়ুন