‘ক্রিকেটের বাইবেল’ উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি

১ দিন আগে

‘ক্রিকেটের বাইবেল’ হিসেবে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর ১৬৩তম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার। তবে প্রথা মেনে তার আগেই ঘোষণা করা হয়েছে বর্ষসেরাদের নাম। ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক,  যে স্বীকৃতির আনুষ্ঠানিক নাম উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন ঘরের মাঠে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা দীপ্তি শর্মা।

স্টার্কের গতির ঝড় ও দীপ্তির অলরাউন্ড জাদু

– 55 Test wickets @ 17.32
– 11th specialist fast bowler to play 100 Tests
– Most wickets by a left-arm seamer in Test history
– Ashes Player of the Series

Mitchell Starc is Wisden's Leading Men's Cricketer in the World for 2025 #WisdenAwards pic.twitter.com/3Eszrae2Xi

— Wisden (@WisdenCricket) April 13, 2026

৩৬ বছর বয়সী মিচেল স্টার্কের জন্য গত বছরটা কেটেছে স্বপ্নের মতো। পুরো পঞ্জিকা বর্ষে ১১ টেস্টে ১৭.৩২ গড়ে নিয়েছেন ৫৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট ছিল তাঁর ক্যারিয়ারসেরা। সেই ফর্ম বয়ে এনেছেন অ্যাশেজেও; প্রথম দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে রেখেছেন বড় ভূমিকা। পুরো সিরিজে ১৯.৯৩ গড়ে নিয়েছেন ৩১ উইকেট।

ভারতের মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল দীপ্তি শর্মার।

অন্যদিকে ভারতের মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল ২৮ বছর বয়সী দীপ্তি শর্মার। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতার পথে তিনি হয়েছেন টুর্নামেন্টসেরাও। পুরো আসরে ২১৫ রানের পাশাপাশি নিয়েছেন ২২ উইকেট। ফাইনালে ৫৮ রানের দুর্দান্ত ইনিংসের পর ৩৯ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেন এই অলরাউন্ডার।

সেরা পাঁচে ভারতীয়দের জয়জয়কার

উইজডেনের সবচেয়ে পুরোনো পুরস্কার ‘বছরের সেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায়ও ভারতীয়দের দাপট চোখে পড়ার মতো। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র হওয়া রোমাঞ্চকর টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও মোহাম্মদ সিরাজ। ভারতের অধিনায়ক গিল জিতেছেন ‘উইজডেন ট্রফি’ও। এজবাস্টন টেস্টে তাঁর ৪৩০ রানকে বছরের সেরা একক পারফরম্যান্স হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া টি-টুয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক ছোঁয়া অভিষেক শর্মা হয়েছেন বিশ্বসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার।

The Five Wisden Cricketers of the Year

Shubman Gill
Haseeb Hameed
Ravindra Jadeja
Rishabh Pant
Mohammed Siraj

#WisdenAwards pic.twitter.com/TXh67s1PC2

— Wisden (@WisdenCricket) April 13, 2026

প্রধান পুরস্কারজয়ীদের মধ্যে একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন হাসিব হামিদ। নটিংহ্যামশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে ৬৬ গড়ে ১২৫৮ রান করে তিনি জায়গা করে নিয়েছেন বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায়।

ইংল্যান্ডের ‘অ্যাশেজ’ বিপর্যয় ও ব্রুক-কাণ্ড

উইজডেন সম্পাদক লরেন্স বুথ তাঁর লেখায় অ্যাশেজে ইংল্যান্ডের ৪-১ ব্যবধানে হার ও সিরিজ চলাকালে হ্যারি ব্রুকের নাইটক্লাব-কাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। বুথের মতে, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের অধীনে ইংল্যান্ড দল ক্রমশ একগুঁয়ে ও যুক্তির বাইরে চলে যাচ্ছে। তিনি আক্ষেপ করে লিখেছেন, ‘ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এত বড় সুযোগ এভাবে নষ্ট করার নজির কমই আছে। ইংল্যান্ড ইতিহাস গড়তে গিয়ে শেষ পর্যন্ত হাসির পাত্র হয়ে ফিরেছে।’

বিদায় কিংবদন্তি ডিকি বার্ড

আম্পায়ার ডিকি বার্ড

এবারের অ্যালমানাকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে গত সেপ্টেম্বরে ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে যাওয়া কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ডকে। সাবেক অলরাউন্ডার ডেরেক প্রিঙ্গল তাঁর স্মৃতিচারণে লিখেছেন, ‘ডিকি বার্ড ছিলেন এমন এক চরিত্র, যাঁকে দর্শক ও ক্রিকেটার সবাই ভালোবাসতেন। আধুনিক ক্রিকেটে প্রযুক্তির দাপটে ডিকি বার্ডের মতো ‘ব্যক্তিত্বময়’ আম্পায়ার হয়তো আর দেখা যাবে না।’

সম্পূর্ণ পড়ুন