কেরানীগঞ্জে গুলিতে নিহত বিএনপি নেতা হাসানের ময়নাতদন্ত সম্পন্ন

৪ সপ্তাহ আগে
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে মরদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. দিপীকা রায়।

 

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান মোল্লা।

 

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হান্নান। সুরতহালে তিনি উল্লেখ করেন, হাসান মোল্লার পেটের ডান পাশ দিয়ে গুলিবিদ্ধ হয়ে পেছনের দিক দিয়ে বেরিয়ে গেছে। এছাড়া তার শরীরের অন্যান্য জায়গা স্বাভাবিক।

 

আরও পড়ুন: মা-বোনদের নিয়ে মামাবাড়ি থেকে ফেরার পথে স্কুলছাত্র নিহত

 

মর্গে নিহত হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই দুর্বৃত্তদের গুলিতে আহত হন বিএনপি নেতা হাসান মোল্লা। রাতে একটি মাহফিল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সেসময় তার সঙ্গে আরও একজন ছিলেন। তবে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে টার্গেট করেই হাসান মোল্লাকে গুলি করে।

 

তিনি বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রুর ছিল বলে আমাদের জানা ছিল না। এলাকাতে তার রাজনৈতিক কোনো প্রতিপক্ষও ছিল না। যারা বর্তমান রাজনীতিতে ছিল তারা সবাই একই প্যানেলের। আর আওয়ামী লীগের যারা ছিল তারা তো এখন এলাকা ছেড়ে পলাতক। আমাদের কোনো ধারণা নেই, কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে এটি ছিনতাইয়ের ঘটনাও না।’

 

আরও পড়ুন: পুলিশ ফাঁড়ির সামনেই বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, চালক পলাতক

 

আজ মরদেহ দাফনের পর মামলা দায়ের করবেন বলে জানান হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার ছোট ভাই রাকিব।

]]>
সম্পূর্ণ পড়ুন