কুড়িগ্রামে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

৬ দিন আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। এরইমধ্যে ভুক্তভোগী ছাত্রের বাবা নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন।

 

অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪২) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের মৃত বুজুর আলীর ছেলে। তিনি আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপেরহাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে নাগেশ্বরী পৌরসভার টিএনটি মোড় এলাকায় নিজের বাড়িতে যাওয়ার সময় ওই ছাত্রকে ফুসলিয়ে সঙ্গে নেন অভিযুক্ত শিক্ষক। পরে রাত প্রায় পৌনে ১১টার দিকে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় বাড়িতে তার স্ত্রী-সন্তান কেউ উপস্থিত ছিলেন না।

 

অভিযোগ অনুযায়ী, গভীর রাতে একই বিছানায় শুয়ে শিক্ষক প্রথমে ছাত্রের শরীরের স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দেন এবং অনৈতিক প্রস্তাব দেন। এতে ছাত্রটি রাজি না হলে তাকে মারধর ও নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার মুখ-নাক চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে জোরপূর্বক বলাৎকার করা হয়। রাতভর নির্যাতনের পর ভোরে তাকে গোসল করিয়ে আবার স্কুলের আবাসিকে রেখে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক।

 

আরও পড়ুন: বলাৎকারের পর ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় শিশু সৈকতকে

 

পরবর্তীতে অসুস্থ অবস্থায় ওই ছাত্র তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং পরে নিজেই বাড়িতে ফিরে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। বর্তমানে তিনি আতঙ্কে রয়েছে বলে পরিবার জানিয়েছে।

 

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সৃষ্টি পাবলিক মডেল স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে বলেও জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও অভিযুক্ত শিক্ষক এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা তুলে নিতে তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। তারা অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

স্থানীয় শিক্ষক নুর ইসলাম বলেন, একজন শিক্ষক হয়ে এমন জঘন্য কাজ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর কঠোর শাস্তি হওয়া উচিত।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তে সহকারী শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা শেষে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

 

আরও পড়ুন: মাদ্রাসায় ভয় দেখিয়ে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে গণপিটুনি

 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় গত ৯ এপ্রিল মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ ও র‌্যাব কাজ করছে, তবে এখনো তার অবস্থান শনাক্ত করা যায়নি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন