এটি কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ আয়োজন, যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা ও প্রতিযোগিতার এক অনন্য মেলবন্ধন ঘটবে। তিনদিনব্যাপী এই উৎসবে থাকছে মোট ১২টি প্রতিযোগিতামূলক সেগমেন্ট—লাইন ফলোয়ার রোবট থেকে শুরু করে সকার বট, বিজনেস কেস স্টাডি, অ্যাড মেকিং, ক্যাড কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট থিসিস, মেকানিক্স ও অটোমোবাইল অলিম্পিয়াড, কনটেন্ট রাইটিং এবং গেমিং কনটেস্ট। প্রযুক্তি ও উদ্ভাবনের এই বহুমাত্রিক আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি নতুন চিন্তার দুয়ারও খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইভেন্টটির আরেকটি বড় আকর্ষণ হচ্ছে ৬ লক্ষ টাকার প্রাইজমানি, যা অংশগ্রহণকারীদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে ‘ইগনিশন ২০২৬’ ইতোমধ্যেই জাতীয় পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেয়া অধ্যাপক মাছুদ আবারও কুয়েট উপাচার্য
শিল্প ও কর্পোরেট খাতের অংশগ্রহণও এ আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে। Runner Motorcycles, Active Green Energy, BanglaCAT, Polar Ice Cream, Marico, Gazi International এবং ZTEসহ একাধিক প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে এই আয়োজনের।
আয়োজকদের মতে, একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন, গবেষণায় আগ্রহ বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ। তারা মনে করছেন, এমন আয়োজন তরুণদের উদ্ভাবনী শক্তিকে উজ্জীবিত করবে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·