‘কিপটে’ নাহিদের দুই উইকেট, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন জালমি

২ দিন আগে
নাহিদ রানা এখন উৎফুল্ল মনে দেশে ফিরতে পারেন। বিরতির পর পিএসএলের ফাইনাল খেলতেই পাকিস্তানে গিয়েছিলেন, ফিরবেন ফাইনালের সবচেয়ে কিপটে বোলার ও নামের পাশে চ্যাম্পিয়নের তকমা নিয়ে। গতকালের ফাইনালে তার পেশোয়ার জালমি হায়দরাবাদ কিংসম্যানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে।

ফাইনালে নাহিদ গুরুত্বপূর্ণ ২টি উইকেটও নিয়েছেন। হায়দরাবাদ কিংসম্যান ৭২ রানে ৪ উইকেট হারিয়ে এমনিতেই চাপে ছিল। তবে সেখান থেকেও তাদের বড় স্কোর গড়ার সম্ভাবনা কম ছিল না। সুফিয়ান মুকিমের ওভারে ইরফান খান রানআউট হওয়ার পরই ক্রিজে গিয়েছিলেন বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। এরপর রানার এক ওভার ইনিংসের গতিপথ বদলে দেয়।


অজি অলরাউন্ডারকে নাহিদ এক বলও টিকতে দেননি। শর্ট লেন্থের ডেলিভারিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কিছু বুঝে উঠার আগেই ভ্যাবাচ্যাখা খেয়ে লংঅনে ক্যাচ দেন। ফর্মহীন ম্যাক্সওয়েল মাঠ ছাড়েন হতাশাকে সঙ্গী করে। ওই ওভারেই হায়দরাবাদ আরেকটি উইকেট হারায়। সাইম আয়ুব শর্ট কভারের দিকে বল ঠেলে সিঙ্গেল নিতে চাইলে মাইকেল ব্রেসওয়েলের থ্রোয়ে রানআউট হন কুশাল পেরেরা। ৭ ওভারে ৭২ রান তোলা হায়দরাবাদের স্কোর হঠাৎ করেই হয়ে যায় ৬ উইকেটে ৭৩।


আয়ুব ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত টিকে থাকলেও হায়দরাবাদ আর ওই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। অলআউট হয় ১২৯ রানে। এরমধ্যে নাহিদ আরেকটি উইকেট নেন নিজের তৃতীয় ওভারে, হুনাইন শাহর স্টাম্প ভেঙে। বোলিংয়ের কোটা শেষ করেন ৪ ওভারে ২২ রান দিয়ে, ইনিংসের সবচেয়ে কিপটে বোলার হিসেবে। টাইগার পেসার পুরো টুর্নামেন্টেই কিপটেমি করেছেন, ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৫.৪৪ রান দিয়ে।


আরও পড়ুন: বাংলাদেশে পৌঁছাল পাকিস্তানের টেস্ট বহর, বাবর আসবেন পরে


ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও পেশোয়ারের চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা হয়েছিল। মোহাম্মদ আলির তোপে প্রথম ওভারেই তারা হারায় ২ উইকেট। মোহাম্মদ হারিস ৬ রান করলেও আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক (৫৮৮) বাবর বিদায় নেন গোল্ডেন ডাকে। ৪০ রানে দলটি হারিয়ে ফেলে ৪ উইকেট।


এরপর অ্যারন হার্ডি ও আবদুল সামাদ কেবল প্রতিরোধই করেননি, দলকে নিয়ে যান শিরোপার কাছে। পঞ্চম উইকেটে দুজনে মিলে করেন ৮৫ রানের জুটি। ৪টি ছক্কা হাঁকানো সামাদ ছয় মেরে দলকে জেতাতে গিয়ে ৩৪ বল ৪৮ করে আউট হন। তবে হার্ডি ৫৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। চাপের মুখে ৩৯ বলের ইনিংসটিতে ৯টি চার হাঁকান তিনি। পেশোয়ার জিতে ৫ উইকেটে।


হার্ডি হয়েছেন ম্যাচসেরাও। লো স্কোরিং ম্যাচে বল হাতে ২৭ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ৫৬ রান করার পর তাকে এটি না দিয়ে উপায় আছে? তার অলরাউন্ড পারফরম্যান্সে পেশোয়ার পিএসএলে জিতল দ্বিতীয় শিরোপা। ৯ বছর আগে ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন