চলতি বছরের জুলাইতে অনুষ্ঠিত হবে লিজেন্ডস টুর্নামেন্টের তৃতীয় আসর। গত দুই আসরের মতো এবারও সবগুলো ম্যাচ হবে ইংল্যান্ডে। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
টুর্নামেন্টে প্রতিটি দল থেকে অন্তত দুজন আইকন ক্রিকেটার থাকবে। এই দুজনকে আবার ২৫০-র ওপর আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের আইকন ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুল।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলবে। খেলা ছাড়ার (অবসর) পর কোচিংয়ে এসেছি। আবারও মাঠে ফিরতে পারব এবং খেলতে পারব- এই ভেবে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’
তবে আশরাফুলের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ থাকায় বোর্ডের থেকে মিলতে হবে অনুমতি। তবে আশরাফুল এসব বিষয়ে নির্ভার। গণমাধ্যমকে তিনি জানান, জাতীয় দলের ওই সময় কোনো সিরিজ থাকলে খেলবেন না, না থাকলে খেলার চেষ্টা করবেন। যেহেতু ইংল্যান্ডে অনেকদিন ধরে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, সেটা দলের জন্যও উপকারে আসবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এদিকে, জাতীয় দলের জন্য প্রায়শই নিজের ব্যাটিং অর্ডার বিসর্জন দেয়া মাহমুদউল্লাহ রিয়াদ দলের জন্য এখনও জায়গা ছাড়তে প্রস্তুত। জানালেন, এই টুর্নামেন্ট দিয়ে দেশের নামকে আরও উজ্জ্বল করার প্রতিশ্রুতির কথা। সাইলেন্ট কিলার নামে খ্যাত রিয়াদ বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে আমি প্রস্তুত। গত বছর ভারতে খেলার সময় থেকেই আমরা সতীর্থরা মিলে এমন একটি লিগে খেলার স্বপ্ন বুনছিলাম। আশা করছি, লিগে আমরা ভালো কিছু করতে পারবো।’
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন বিসিবির নতুন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে সম্মুখসারিতে নয়, গণমাধ্যমকর্মীদের সঙ্গে একই সারিতে বসে আশরাফুল-মাহমুদউল্লাহদের কথা শুনেছেন বিসিবি বস। এই টুর্নামেন্টে তামিমের খেলোয়াড় হিসেবে অংশ নেয়ারও একটি গুঞ্জন ইতোমধ্যে শোনা গেছে।
বিপিএল বাদে বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ক্ষেত্রে সাধারণত বিসিবির কোনো পৃষ্ঠপোষকতা দেখা যায় না। তবে এই টুর্নামেন্টের ক্ষেত্রে বিসিবিতে সংবাদ সম্মেলন এবং সভাপতির উপস্থিতি বিসিবির সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে। তবে পৃষ্ঠপোষকরা সেটিকে একদমই উড়িয়ে দেন।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ম্যানেজমেন্টের অন্যতম সদস্য এবং সাবেক বিসিবি পরিচালক শানিয়ান তামিম জানান, বিসিবি না চাইলে এখানে বসে সংবাদ সম্মেলন করতে পারতেন না তারা। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিসিবির এখানে কোনো সম্পৃক্ততা তৈরি হয়নি। যদি ভবিষ্যতে কোনো সহায়তা প্রয়োজন হয়, তারা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলেও জানান এই ক্রীড়া সংগঠক।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·