কাফরুলে কোটি টাকা চাঁদার দাবিতে গার্মেন্টসে ঢুকে মালিককে গুলি, গ্রেফতার ২

১ সপ্তাহে আগে
রাজধানীর কাফরুল থানা এলাকার একটি গার্মেন্টস কারখানায় ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবি এবং কারখানা মালিক কামরুল ইসলামকে গুলি করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার দুজন হলেন- রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬)।

 

কাফরুল থানার বরাত দিয়ে এনএম নাসিরুদ্দিন বলেন, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানা এলাকার একটি গার্মেন্টস কারখানার অফিস কক্ষে কাজ করছিলেন মালিক কামরুল ইসলাম (৩৩)। এ সময় অজ্ঞাতনামা ১২-১৩ জন দুষ্কৃতকারী বেআইনিভাবে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকিও দেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই দুষ্কৃতকারী কোমর থেকে পিস্তল বের করে কামরুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পিছনের ফাইল কেবিনেটের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। অপর গুলিটি পিছনের দেয়ালে লাগে। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করা হয়।

 

আরও পড়ুন: পাবনায় ৪ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
 

মামলার পর কাফরুল থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে মিরপুর-১৩ এলাকায় অভিযান চালিয়ে রাসেল মোল্লাকে এবং সাভার থেকে রুমান তালুকদারকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতার রুমান তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান এনএম নাসিরুদ্দিন।

]]>
সম্পূর্ণ পড়ুন