কসবা ও ব্রাহ্মণপাড়া সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

২ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি, চশমা ও কফি।

রোববার গভীর রাত ও সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে সোমবার (৩০ মার্চ) বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নে (৬০ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

 

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ কসবার মাদলা বিওপির একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে কাশিরামপুর এলাকার ২০৪৫/এম নম্বর পিলারের শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুই হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ছয় লাখ ২১ হাজার টাকা।

 

অন্যদিকে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৪৩/৩-এস এর শূন্য লাইন থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে চান্দখলা নামক স্থান থেকে ১৭ হাজার ২৯৫ পিস ভারতীয় চশমা ও ১০০ কেজি কফি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা। জব্দ করা এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খুঁড়তে গিয়ে মিলল মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল

 

সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এসব অভিযানের বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি জানান, গত বছর ৬০ বিজিবি প্রায় ১৪০ কোটি টাকার পণ্য জব্দ করেছিল। আর চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ১৬ কোটি ৪৩ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে এবং এসব ঘটনায় ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনের কথা উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের দায়িত্বপূর্ণ এলাকা ৭৯ কিলোমিটার। ওই এলাকায় মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন