কলম্বোতে ভারত-পাকিস্তান মহারণ, বিমানের ভাড়া আকাশছোঁয়া

১ মাস আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে অনিশ্চয়তার অবসান হতেই কয়েকগুণ বাড়লো বিমানের ভাড়া। এমনকি হোটেল ভাড়াও হয়েছে আকাশছোঁয়া।

আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনার পর ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি আলোর মুখ দেখছে। রোববার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই লড়াই।

 

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচটি নিশ্চিত হওয়ার পরপরই দিল্লি ও মুম্বাই থেকে কলম্বোগামী ফ্লাইটের ভাড়া লাফিয়ে বেড়েছে। সাধারণত যে টিকিটের দাম ছিল প্রায় ৩০ হাজার রুপি, তা বেড়ে ৯০ হাজার রুপির বেশি হয়েছে। দিল্লি-কলম্বো রুটে ইকোনমি শ্রেণির ভাড়া পৌঁছেছে ১ লাখ ৩৯ হাজার রুপিতে, আর বিজনেস ক্লাসে ২ লাখ রুপিরও বেশি।

 

মুম্বাই থেকে প্রায় তিন ঘণ্টার ফ্লাইটে ১৫ ফেব্রুয়ারির যাত্রার জন্য ইকোনমি ভাড়া উঠেছে ৬০ হাজার রুপি পর্যন্ত। এয়ার ইন্ডিয়ার প্রিমিয়াম ইকোনমি ৮৪ হাজার রুপি। শ্রীলঙ্কান এয়ারলাইন্সে একই রুটে ইকোনমি ভাড়া ৬৩ হাজার ৩৪০ রুপি এবং বিজনেস ক্লাস ১ লাখ ৩৪ হাজার ১৫৭ রুপি পর্যন্ত উঠেছে।

 

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক

 

হোটেল ভাড়াও আকাশছোঁয়া

বিমানভাড়ার মতোই কলম্বোর হোটেল ভাড়াতেও লেগেছে আগুন। ১৪ ও ১৫ ফেব্রুয়ারির জন্য তিন থেকে পাঁচ তারকা হোটেলের ডাবল রুমের প্রতি রাতের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার রুপির মধ্যে। সাধারণ সময়ে যেখানে একই কক্ষের ভাড়া থাকে ৪০ থেকে ৫০ হাজার রুপি।

 

এর আগে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে পাকিস্তানও সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। এতে করে সূচি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে টানা আলোচনার পর পাকিস্তান সরকার সিদ্ধান্ত বদলায়। এক বিবৃতিতে তারা জানায়, একাধিক ক্রিকেট বোর্ড ও বন্ধুপ্রতিম দেশের অনুরোধ পর্যালোচনা করে দলকে ম্যাচ খেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: সত্যিই বাংলাদেশের পাশে দাঁড়ালে টুর্নামেন্ট থেকেই সরে যেতেন: পাকিস্তানকে খোঁচা গাভাস্কারের

 

ভারত-পাকিস্তান দ্বৈরথকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রচারস্বত্ব, টিকিট বিক্রি ও স্পনসরশিপ; সব ক্ষেত্রেই এই ম্যাচ টুর্নামেন্টের আর্থিক ভারসাম্যে বড় ভূমিকা রাখে। কলম্বোতে কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে, আর টিকিটের দামও ইতিমধ্যে বেড়ে গেছে। সব মিলিয়ে রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত মহারণ। এখন অপেক্ষা ১৫ ফেব্রুয়ারির, ব্যাট-বলের লড়াইয়ে কে পাবে শ্রেষ্ঠত্বের হাসি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন