‘এটা আমাদেরই গল্প’ নাটকের শেষ পর্ব কবে?

৩ দিন আগে
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হচ্ছে। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রচারিত হবে সিরিজটির শেষ পর্ব।

রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র যাত্রা শেষ হচ্ছে ৫২তম পর্বে। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রচারিত হবে সিরিজটির শেষ পর্ব।


তবে সাধারণ পর্বের মতো নয়—শেষ পর্বটি দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে নির্মিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেগা এপিসোডটির দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট। সাধারণত সিরিজটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ থেকে ২৮ মিনিট।

 

আরও পড়ুন: ব্যাচেলর পয়েন্ট: তবে কী প্রকাশ্যে আসছেন রোকেয়া?


সিরিজটির প্রচার সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার ইউটিউবে নতুন পর্ব প্রকাশিত হতো। তবে শেষ সপ্তাহে নির্ধারিত ৫১তম পর্ব ৬ মে প্রকাশের কথা থাকলেও তা একদিন পিছিয়ে ৭ মে প্রচারিত হবে। এরপর ৫২তম ও শেষ পর্ব ৮ মে প্রকাশ করা হবে। অর্থাৎ, শেষ দুটি পর্ব যথাক্রমে ৭ ও ৮ মে ইউটিউবে মুক্তি পাবে।


শেষ পর্ব দীর্ঘ করার বিষয়ে সিরিজটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ আয়োজন। তার মতে, ‘এটা আমাদেরই গল্প’ তার স্বপ্নের একটি কাজ, যা দর্শকপ্রিয়তার মধ্য দিয়ে সফলভাবে শেষ করতে পারছেন।”


২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহে দুই দিন চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে সিরিজটি। পাশাপাশি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে নিয়মিতভাবে মুক্তি পেয়েছে প্রতিটি পর্ব।

 

আরও পড়ুন: শেষের পথে ‘এটা আমাদেরই গল্প’


পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক প্রেক্ষাপটে সিরিজটি নির্মাণ করা হয়েছে। এতে মূল চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামাল।


সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই সিরিজে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি ও অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে ছিলেন আদিত্য মনির। টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, যার কথা লিখেছেন মাহমুদ মানজুর এবং সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।

]]>
সম্পূর্ণ পড়ুন