চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ হাসান, লিটন দাস ও তানজিদ তামিমের বিদায়ে চাপে পড়লেও তাওহীদ হৃদয়, শামিম হোসেন ও পারভেজ হোসেন ইমনে বাংলাদেশের জয়টা এসেছে হেসেখেলে। এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। একই মাঠে দ্বিতীয় ম্যাচ ২৯ এপ্রিল, ঢাকায় তৃতীয়টি ২ মে।
দেশের মাটিতে টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের এটা সর্বোচ্চ রান তাড়া। একই সঙ্গে এই ভেন্যুতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডও। অতীতে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৭ রান করে জিতেছিল। আর এই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছর বাংলাদেশ সর্বোচ্চ তাড়া করেছিল ১৭৪ রান। এটাই ছিল দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
হৃদয়, শামিম ও ইমন কেবল বাউন্ডারি থেকেই আদায় করেছেন ৬০ রান। তাওহীদ হৃদয় তো হাফসেঞ্চুরি করে ম্যাচসেরাই হয়েছেন। ২৭ বলে ৩ ছয় ও ২ চারের ইনিংসে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৩ বলে ২ ছয় ও ৩ চারে শামিম ৩১ ও ইমন প্রায় আড়াইশ স্ট্রাইকরেটে ২৮ রান করেন। এই দুজন ছক্কা মেরেছেন দুটি করে।
রান তাড়ায় সাইফের ১৬ বলে ১৭ ও তানজিদ তামিমের ২৫ বলে ২০ রানের বিদায়ে বাংলাদেশ চাপেই পড়েছিল। এদের মাঝে আউট হওয়া লিটন অবশ্য ১৫ বলে ২১ রান করে দিয়ে যান। এরপর ইনিংস সর্বোচ্চ ৫৭ রানের জুটি হয় হৃদয় ও ইমনের মধ্যে। দুজনেই ম্যাচের লাগাম বাংলাদেশের দিকে টেনে আনেন।
আরও পড়ুন: তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার অপশন: বাশার
২৮ রানে ইমনের বিদায়ের পর নামা শামিম মোকাবিলা করা তৃতীয় বলেই এমন এক শট খেলেন, যা চক্ষু ছানাবড়া করার জন্য যথেষ্ট। নাথান স্মিথের শর্ট লেন্থের ডেলিভারি সোজা মাথার ওপর দিয়ে যাচ্ছিল। নো-লুক শটে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে শামিম বল পাঠিয়ে দেন সীমানার বাইরে। আম্পায়ার দুই হাত উঁচিয়ে দেখান—ছয়।
শেষ ২৪ বলে দরকার ছিল ৩০ রান। ম্যাট ফিশারের দুই নো-বলের ওভারে শামিম-হৃদয় তুলেন ২৫ রান। তাতে বাংলাদেশ ম্যাচ সেখানেই জিতে যায়। পরের ওভারে হৃদয় তার হাফসেঞ্চুরি পূর্ণ করেন ২৬ বলের মাথায়।
নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮২ রান করেছিল কেটিন ক্লার্ক ও ড্যান ক্লিভারের দুই ফিফটিতে। ক্লার্ক ও ক্লিভার দুজনই করেছেন ৫১ রান করে। ২ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·