এক কলেজ থেকেই মেডিকেলে চান্স পেলেন ১০৮ শিক্ষার্থী

৪ সপ্তাহ আগে
একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সরকারি বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ১০৮ শিক্ষার্থী। শুনতে রূপকথার মতো লাগলেও এটাই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাস্তব সাফল্য।

 শিক্ষার্থীদের এই ব্যাপক সাফল্য উপলক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। সেখানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এমন সম্মাননায় আপ্লুত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন কৃতি শিক্ষার্থীরাও।


এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের সাফল্য সম্ভব হয়েছে বিশেষায়িত শিক্ষা কার্যক্রমের কারণে। উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করে। এখানে নিয়মিত ক্লাসের পাশাপাশি ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখা হয়েছে, যা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে।’


আরও পড়ুন: মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বোন


তিনি আরও জানান, শিক্ষকদের প্রচেষ্টার পাশাপাশি অভিভাবকদেরও যথেষ্ট যত্ন ছিল। শিক্ষার্থীদের শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের ফসলই এই ফলাফল।


জানা যায়, ২০২৫ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন মোট এক হাজার ৪৭৬ জন শিক্ষার্থী। এরমধ্যে এক হাজার ৪৭২ জনই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৯৯২ জন অর্জন করেন জিপিএ-৫। এই সফল ব্যাচ থেকেই এবার ১০৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, যাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই মেয়ে।


এরআগে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া সরকারি আজিজুল হক কলেজের ৪১২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন