ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশ দল হারলো মাত্র ২-০ গোলের ব্যবধানে। স্কোরলাইনটা দেখে খুব সহজেই আন্দাজ করা যায় যে, মাঠের খেলায় চীনের চোখে চোখ রেখেই লড়াই করেছেন ঋতুপর্ণা-আফঈদা-মনিকারা। তাইতো ম্যাচ শেষে দলের প্রশংসাও করেছেন প্রধান কোচ পিটার বাটলার। চীনের অভিজ্ঞ খেলোয়াড়দের তুলনায় ১৯-২০ বছরের তরুণ দলের এই লড়াইকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বাটলার।
অন্যদিকে চীনের কোচ আন্তে মিলিচিচও প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ খুশি। গোল ব্যবধানে কিছুটা অতৃপ্তি থাকলেও বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে গোলকিপার মিলি আক্তারকে পোস্টে কিছুটা অবাক হয়েছিলেন তিনি। বললেন, ‘গোলকিপার মিলিকে একাদশে দেখে অবাক হয়েছি। তবে সে-ও খুব ভালো খেলেছে।’
বাংলাদেশের পোস্টের নিচে মিলিকে দেখে অবাক হয়েছেন চীনের কোচ। ছবি: বাফুফে
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চীনের কোচ আন্তে মিলিচিচ বলেছেন, ‘বাংলাদেশের ওপর চাপ ছিল না, তারা মুক্তভাবে খেলেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমরা ২ গোল করেছি, কোনো গোল খাইনি; এতেই আমরা সন্তুষ্ট। প্রথম ম্যাচে এমন হতেই পারে।’
আরও পড়ুন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে চীনের কোচ বলেছিলেন, ‘বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের স্কিল খুব ভালো।’ ম্যাচে অবশ্য ঋতুপর্ণা-মনিকা-মারিয়াদের চোখে পড়েছে তার। ‘১৭ নম্বর (ঋতুপর্ণা চাকমা), ৬ নম্বর (মনিকা চাকমা) ও ৮ নম্বরকে (মারিয়া মান্দা) চোখে পড়েছে।’
শক্তিশালী চীনের বিপক্ষে সাহস দেখিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে
বাংলাদেশের মেয়েরা যে লড়াকু মানসিকতা দেখিয়েছেন, তাতে গর্বিত কোচ পিটার বাটলারও। ম্যাচ শেষে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পরে বললেন, ‘চীন এশিয়ার অন্যতম সেরা দল, সম্ভবত সেরাদের মধ্যে সেরা এবং বর্তমান চ্যাম্পিয়ন। তারা জিতেছে, আমি তাদের অভিনন্দন জানাই।’
খেলোয়াড়দের প্রতি বাটলারের নির্দেশনা ছিল স্পষ্ট। তিনি চেয়েছিলেন মেয়েরা যেন মাঠে সাহসের সঙ্গে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে। সেটি অবশ্য তারা করতে পেরেছে। ‘ম্যাচের আগে আমি মেয়েদের বলেছিলাম তারা যেন তাদের সেরাটা দেয় এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়।’
বাটলার আরও বলেন, ‘আমরা এখানে শুধু রক্ষণ সামলাতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না এবং আমার দলও সেভাবে খেলুক, তা চাইনি। মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির মান রেখেছে। এর মাধ্যমেই বোঝা যায় আমরা কতটা এগিয়েছি।’
আরও পড়ুন: ৮ গোলের জয়ে দলকে ফাইনালে তুলেও চাকরি হারালেন কোচ
গোলকিপার রূপনা চাকমার বদলে তরুণ মিলি আক্তারকে একাদশে সুযোগ দেন বাটলার। মিলি বেশ কয়েকটি সাহসী সেভ করেছেন। মিলিকে নিয়ে এক প্রশ্নের জবাবে বাটলার বলেন, ‘মিলি আজ অসাধারণ ছিল। আমি পরিবর্তন আনতে চেয়েছিলাম এবং এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি ভয় পাই না। আমি খুশি যে আমরা অসম্মানিত হইনি।’
চীনের ডেরায় বেশ কয়েকবার হানা দিয়েছেন ঋতুপর্ণারা। ছবি: বাফুফে
বাটলার বলেন, ‘আমি শুধু একটি নির্দিষ্ট জোনে রক্ষণ সামলানোর মতো কোচ নই। আমরা উঁচু মানের ফুটবল খেলছি এবং গত দুই-আড়াই বছরে আমাদের উন্নতি হয়েছে। আমাদের অন্যান্য দলের মতো বিলাসিতা, অর্থ বা প্রস্তুতির সুযোগ নেই। আমাদের যা আছে, তা দিয়েই সেরাটা করতে হবে।’
তিনি বলেন, ‘এই মেয়েদের কোচ হতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। এই টুর্নামেন্ট মেয়েদের জন্য নিজেদের মেলে ধরার সুযোগ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে তাদের উন্নত জীবন দিতে সাহায্য করবে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা এখানে এসেছি। আমাদের আবার উঠে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে।’
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·