উদ্বোধনের দিনেই খুলনায় ফ্যামিলি কার্ড পেলো ১ হাজার পরিবার

১ দিন আগে
খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে নগরীর খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

উদ্বোধনী দিনে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ১ হাজার জন তালিকাভুক্ত উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলট প্রকল্পের আওতায় এই ওয়ার্ডের মোট ৫ হাজার ২৭৫ জন পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র ২৩ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। অতীতের সরকারের মতো মুখ দেখে বা দল দেখে কার্ড দেওয়া হয়নি; বরং যারা প্রকৃত হকদার তাদেরই এই সুবিধার আওতায় আনা হয়েছে।


তিনি আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে এই প্রকল্পে কঠোর তদারকি করা হচ্ছে।


খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হুইপ বকুল বলেন, 'অপরাধে লিপ্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি অপরাধের সাথে নিজ দলের কোনো কর্মী জড়িত থাকলেও তাকে গ্রেফতার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।'


আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে এই ফ্যামিলি কার্ড হাতে পেয়ে সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বা সরাসরি অর্থ সহায়তা পাওয়ার এই নিশ্চয়তা জনমনে স্বস্তি ফিরিয়েছে।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনার বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা সিটি করপোরেশন প্রশাসক, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন