‘উইন্টার ইজ কামিং’: গেম অব থ্রোনস আবহে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

২ সপ্তাহ আগে
জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সেই বিখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’। ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে নেটিজেনদের তৈরি মিম ও গ্রাফিক্স কার্ডে এই সংলাপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতদিন বিষয়টি ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ থাকলেও এবার তা পোস্টার-ব্যানার হয়ে উঠে এসেছে রাজপথে।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর স্কুল ও কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে এমনই একটি ব্যানার নজর কেড়েছে সবার। ‘গেম অব থ্রোনস’-এর থিমে তৈরি এই ব্যানারটি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

 

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় সাটানো হয়েছে এ ব্যানার। ব্যানারের ওপরের অংশে বড় অক্ষরে লেখা সিরিজের সেই আইকনিক সংলাপ ‘উইন্টার ইজ কামিং’। নিচে ডা. শফিকুর রহমানকে ‘গেম অব থ্রোনস’-এর চরিত্র জন স্নো-এর আদলে উপস্থাপন করা হয়েছে, যেখানে তার এক হাতে রয়েছে দলের প্রতীক দাঁড়িপাল্লা। তার পাশেই দাঁড়িয়ে আছে সিরিজের অন্যতম অনুষঙ্গ একটি সাদা নেকড়ে (ডায়ারউলফ)। ব্যানারের নিচে সৌজন্যে লেখা রয়েছে, ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

 

মূলত, পশ্চিমা পপ কালচারের সঙ্গে দেশীয় রাজনীতির এই অদ্ভুত মেলবন্ধন পথচারীদের কৌতূহলী করে তুলেছে। অনেকেই দাঁড়িয়ে এই ব্যানারের ছবি তুলছেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।

 

আরও পড়ুন: মায়ের জাতিকে মর্যাদা দিতে এই সমাজ ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

 

তবে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবির জানিয়েছে, এই ব্যানারের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। এটি অতি উৎসাহী ভক্ত বা সমর্থকদের কাজ।

 

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান পেজ থেকে এই ধরনের ছবি বা গ্রাফিক্স ভাইরাল হয়েছিল। সম্ভবত সেখান থেকে কেউ উৎসাহী হয়ে এগুলো প্রিন্ট করে ব্যানার আকারে লাগিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই।’

 

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফর করছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হলেও, ‘গেম অব থ্রোনস’ থিমের এই ব্যানারটি নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সূত্রপাত ঘটিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন