ঈদযাত্রায় সড়কে বাড়ছে অনিরাপদ যানবাহন, দুর্ঘটনার দায় নেবে কে?

১ দিন আগে
‎ঈদযাত্রায় শত শত বাস জোড়াতালি ও রঙ করে সড়কে নামানোর প্রস্তুতি চলছে রংপুরে। নগরীর অর্ধশতাধিক ওয়ার্কশপে এখন দম ফেলার ফুরসত নেই কারিগরদের।

অভিযোগ রয়েছে, এসব বাসের বেশিরভাগের নেই ফিটনেস সনদ। তবে, সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেয়া হবে না।


সরেজমিনে গিয়ে দেখা যায়, জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে নতুন অবয়ব। দেখে বোঝার কোনো উপায় নেই, ভাঙা-বিধ্বস্ত প্রায় এসব বাস এবারের ঈদযাত্রায় দৃষ্টি কাড়বে আঞ্চলিক সড়ক-মহাসড়কে।


‎রংপুর নগরীর আরকে রোডসহ বিভিন্ন এলাকার ওয়ার্কশপে এখন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। ‎কয়েকদিন আগে গাড়িটি গ‍্যারেজে পড়েছিলো জরাজীর্ণ অবস্থায়। তবে ঈদ উপলক্ষে সাজানো হচ্ছে নতুন সাজে।


গ‍্যারেজ কর্তৃপক্ষ বলছে, ঈদের তিন চারদিন আগেই থেকেই গাড়িটি যাত্রী পরিবহনে নামবে সড়কে।


আরও পড়ুন: সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন


এ বিষয়ে নগরীর টার্মিনাল এলাকার ওয়াকর্শপ মিস্ত্রি আনিস মোল্লা বলেন, ‘খুব ব্যস্ততার মধ্যে আছি, সামনে ঈদ। ঈদের পাঁচদিন আগে গাড়িগুলো রোডে ছাড়তে হবে। পুরনো গাড়িগুলো রঙ দিয়ে নতুন করে তৈরি করছি। পুরনো সিটগুলোকে কাভার পরিবর্তন করে নতুন করে বানাচ্ছি। ফর্ম নতুন কাপড় দিয়ে বানাচ্ছি যাতে বোঝা না যায় যে এগুলো পুরাতন। আর প্রশাসনও গাড়ি দেখলে সাইড দেবে যে নতুন গাড়ি। তখন আর কাগজপত্রের কোনো ঝামেলা হবে না।’


 

রংপুরে ঈদযাত্রায় জোড়াতালি ও রঙ করে সড়কে বাস নামানোর প্রস্তুতি চলছে। এসব বাসের বেশিরভাগের নেই ফিটনেস সনদ। ছবি: সময় সংবাদ


বছরজুড়ে কোনো রকমে চলাচল করা অথবা পড়ে থাকা বাসগুলো এভাবেই চেহারা পাল্টে নামানো হবে সড়ক-মহাসড়কে। তবে দেখতে চকচকে হলেও অধিকাংশ বাসের ফিটনেস না থাকায় যাত্রীদের প্রায়ই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।


এ বিষয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আশা ঢাকাগামী জোয়ানা পরিবহনের চালক বলেন, ‘গাড়িটা রংপুরে এসে সমস্যা হয়েছে, এখন কাজ করছি। মূলত অনেকদিন হওয়ায় চাকার ব্রেক-সু ভেঙে গেছে। এজন্য ঠিকঠাক করে তারপরে গাড়ি ছাড়তে হবে।’


আরও পড়ুন: ঈদযাত্রায় নির্দিষ্ট ভাড়া বাস্তবায়ন করতেই হবে: সেতুমন্ত্রী


‎এ দিকে পরিবহনের যাত্রী আশরাফুল আলম অভিযোগ করে বলেন, ‘এ রকম ভাঙাচোরা গাড়ি লাইনে রাখছে কেন? ভালো গাড়ি না রেখে নষ্ট গাড়ি দিয়ে সড়কে নামিয়ে আমাদের জীবন নিয়ে খেলেন গাড়ির মালিকরা। আমরা কি মানুষ না। আমাদের ৩ ঘণ্টা দেরি হলো, সময়টা নষ্ট হলো। এর মূল্য কে দেবে। সব ভাঙা গাড়ি দিয়ে এনারা ভাড়া মারতেছে। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’


এ দিকে বিআরটিএ কর্তৃপক্ষের দাবি, ফিটনেসবিহীন গাড়ি নামালেই নেয়া হবে ব্যবস্থা।


‎রংপুর বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার বলেন, ‘মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এটা একটু শিথিল রয়েছে। তবে আমরা আবার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। যাতে পুরনো গাড়িগুলো চলতে না পারে। আর ফিটনেসবিহীন গাড়ি যাতে চলতে না পারে এটা তো দেখবোই।’


আরও পড়ুন: ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের


‎তিনি আরও বলেন, ‘যেগুলো গাড়ির কাগজপত্র নাই কিন্তু রঙ করতেছে; আমরা কোন কোন জায়গায় করতেছে সেগুলো চিহ্নিত করবো। এর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালিত করবো দ্রুত।’


‎উল্লেখ‍্য, ফিটনেস সনদ আছে রংপুর জেলায় এমন বাস-মিনিবাসের সংখ্যা ৩০০টি। অথচ সড়ক-মহাসড়কে চলাচল করছে প্রায় সাড়ে তিন হাজার বাস-মিনিবাস।

]]>
সম্পূর্ণ পড়ুন