ইরানে হামলা: ওমরাহ করতে গিয়ে আটকা মুশফিক

৬ দিন আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া অন্যান্য দেশের এয়ারলাইন্সও তাদের সেবা বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন মুশফিক। মুশফিকুর রহিম জানিয়েছেন, ওমরাহ করতে কয়েকদিন আগেই তিনি মক্কায় গিয়েছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে তার আজই দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল। তবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও আবার জেদ্দায় ফিরে যেতে হয়েছে তাকে। 

 

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি জেদ্দায় ফিরে গেছে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে সেখানে আরও অনেক বাংলাদেশি আটকা পড়েছেন। তবে কবে নাগাদ তারা দেশে ফিরতে পারবেন, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুশফিক।

 

আরও পড়ুন: সাকিব যেকোনো ফরম্যাটে একাদশে থাকার যোগ্য: বিসিবি পরিচালক শানিয়ান

 

ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি এবং আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।’ 

 

 

জাতীয় দলের এই ক্রিকেটার আরও লেখেন, ‘এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি। এখানে আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারবো, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।’ 

 

আরও পড়ুন: বাংলাদেশকে বিশ্বকাপের টিকিট এনে দিয়ে মাসসেরা মোস্তারি

 

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, আবুধাবি, শারজাহ, কুয়েত ও দুবাইসহ অঞ্চলগুলোর বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

 

বাংলাদেশ সিভিল এভিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরানে ইসরাইলের হামলার ঘটনার পর বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


 

]]>
সম্পূর্ণ পড়ুন