ইরানে আবাসিক এলাকায় মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৬

২ সপ্তাহ আগে
ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

স্থানীয় গণমাধ্যম জামারান নিউজের প্রতিবেদন মতে, কোমের উপ-গভর্নর মোরতেজা হেয়দারি এক বিবৃতিতে বলেছেন, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কোমের পারদিসান এলাকায় তিনটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। তিনি আরও জানান, আহতের সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি।

 

ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও আবাসিক এলাকায় হামলায় ‘ছয় নাগরিকের শহীদ’ হওয়ার কথা বলা হয়েছে। আইআরজিসির টেলিগ্রাম পোস্টে বলা হয়, ‘আমেরিকান-জায়নিস্ট আগ্রাসীদের’ হামলায় পারদিসান এলাকায় তিনটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এদিকে পশ্চিম আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক হামিদ সাফারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন, উরমিয়া শহরে হামলায় চারটি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে নুর নিউজ জানিয়েছে, রাতভর তেহরান, ইসফাহান, কাশান, ইয়াজদ, কুম, তাবরিজ ও আহভাজ শহরে বিমান হামলা চালানো হয়েছে। 

 

ইরানে ইসরাইলি-মার্কিন আগ্রাসন আজ শুক্রবার (২৭ মার্চ) ২৮তম দিনে গড়িয়েছে। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। আগের চেয়ে জোরদার করা হয়েছে হামলা। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি দ্রুত বাড়ছে হতাহতের সংখ্যা। গত চার সপ্তাহে অন্তত ১,৯৩৭ জন নিহত এবং ২৪ হাজার ৮০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফরিয়ান। 

 

আরও পড়ুন: ইরানে হামলা চালানো যেকোনো দেশ ‘বুমেরাংয়ের মতো’ পাল্টা হামলার মুখে পড়বে: সর্বোচ্চ নেতার উপদেষ্টা 

 

ইরানের পাশাপাশি লেবাননেও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। সেই সঙ্গে স্থল অভিযানও চলছে। সবশেষ খবর অনুযায়ী, লেবাননের জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।

 

ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় ১,১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

সামরিক আগ্রাসনের জবাবে ইরান পাল্টা হামলা অব্যাহত রাখলেও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে হতাহতের সংখ্যা সেই তুলনায় অনেক কম। আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলে এখন পর্যন্ত মাত্র ১৮ জন নিহত হয়েছেন। পাশাপাশি লেবাননে সামরিক অভিযান চালাতে গিয়ে অন্তত তিনজন ইসরাইলি সেনাও নিহত হয়েছেন।

 

এদিকে উপসাগরীয় দেশগুলোতে অন্তত ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। আর অধিকৃত পশ্চিম তীরে চারজন এবং উপসাগরীয় আরব দেশগুলোতে আরও ২০ জন নিহত হয়েছেন। ইরাকে নিরাপত্তা বাহিনীর ৮০ সদস্য নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: মার্কিন স্থল আগ্রাসন রুখতে ইরানের ১০ লাখের বেশি সেনা প্রস্তুত

]]>
সম্পূর্ণ পড়ুন