ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

১৩ ঘন্টা আগে
ইরান সরকারকে ‘বিচক্ষণতার সাথে সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ভুল পথ বেছে নেয় এবং চুক্তিতে না আসে, তবে যুদ্ধ আবার শুরু করার মতো যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত শক্তি আছে। ইরান আর তাদের হারানো শক্তি ফিরে পাবে না বলেও উল্লেখ করেন হেগসেথ।

 

ইরানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা আপনাদের ওপর নজর রাখছি। যুক্তরাষ্ট্র ও ইরানের সক্ষমতা এক নয় এবং এটি কোনো ‘সমান শক্তির লড়াই’ নয়।

 

তিনি আরও বলেন, ‘আমরা দিন দিন আরও শক্তিশালী হচ্ছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই।’

 

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা নিয়ে যা জানাল পাকিস্তান

 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি। হেগসেথ বলেন, আমাদের প্রেসিডেন্টের নির্দেশ এবং একটি মাত্র বোতামের চাপে আমরা যেকোনো সময় ঝাঁপিয়ে পড়তে তৈরি।

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এই প্রণালি উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন। এসময় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: পেন্টাগনে প্রার্থনা অনুষ্ঠানে ‘পাল্প ফিকশন’ সিনেমার ভুয়া বাইবেল শ্লোক পাঠ করলেন হেগসেথ

 

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান শিগগিরই দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এই আলোচনার সময় বা স্থান এখনও নির্ধারিত হয়নি।

 

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশই আলোচনার টেবিলে ফিরতে সদিচ্ছা প্রকাশ করেছে। বর্তমানে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন