ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির রূপরেখা দিয়েছে পাকিস্তান!

৬ দিন আগে
সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক বা রূপরেখা শেয়ার করেছে পাকিস্তান, যা সোমবার (৬ এপ্রিল) থেকে কার্যকর হতে পারে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলতে পারে। এমনটাই জানিয়েছেন প্রস্তাবটি সম্পর্কে অবগত একটি সূত্র।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, রাতেই এই রূপরেখাটি ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করা হয়েছে, যেখানে দুই ধাপের একটি পরিকল্পনা তুলে ধরা হয়—প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, এরপর একটি পূর্ণাঙ্গ চুক্তি।

 

তবে সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ বিনিময়ে ইরান হরমুজ প্রণালী খুলবে না। তিনি উল্লেখ করেন, তেহরান মনে করে ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য যথেষ্ট প্রস্তুত নয়।

 

পাকিস্তানের প্রস্তাবটি ইরান পেয়েছে এবং তা পর্যালোচনা করছে বলেও নিশ্চিত করেন ওই কর্মকর্তা। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরান কোনো সময়সীমার চাপে সিদ্ধান্ত নিতে রাজি নয়। 

 

আরও পড়ুন: হরমুজ খোলা নিয়ে ইরানের নতুন বার্তা

 

প্রস্তাবটি সম্পর্কে কথা বলা ওই সূত্রটি জানায়, ‘সব বিষয়ে আজই (সোমবার, ৬ এপ্রিল) চূড়ান্তভাবে একমত হতে হবে।’ তিনি আরও বলেন, প্রাথমিক সমঝোতাটি একটি সমঝোতা স্মারক হিসেবে গঠিত হবে, যা পাকিস্তানের মাধ্যমে ইলেকট্রনিকভাবে চূড়ান্ত করা হবে। আলোচনায় পাকিস্তানই একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে।

 

মার্কিন, ইসরাইলি ও আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস রোববার (৫ এপ্রিল) সর্বপ্রথম জানায় যে, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা একটি সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে। এটি একটি দুই ধাপের চুক্তির অংশ, যা যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে পারে।

 

সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ‘সারা রাত ধরে’ যোগাযোগে ছিলেন।

 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

]]>
সম্পূর্ণ পড়ুন