ইরান-ইসরাইল সংঘাত লাইভ: খামেনি হত্যায় প্রতিশোধের বার্তা ইরানের প্রেসিডেন্টের

৬ দিন আগে
ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যৌথভাবে হামলা শুরু করে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। যুদ্ধের একদিন না যেতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন

 

কুয়েতে এখন পর্যন্ত বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া না গেলেও আল জাজিরা জানিয়েছে, দেশটিতে হামলার সতর্কতা সাইরেনগুলো সক্রিয় করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা গেছে। দেশটি সাধারণ জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছেন।

 

দুবাইয়ে নতুন করে বিস্ফোরণ

 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গতকালই সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছিল। দুবাইয়ে আজ আবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।


গতকাল দুবাইয়ের জুমেইরাহ সৈকতের পাশে আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত হয়। তবে সেখানে কেউ হতাহত হননি। রোববার (১ মার্চ) ভোরে দুবাইয়ের গণমাধ্যম দফতর জানায়, ইরানের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ফলে সেটি আর হোটেলে আঘাত হানতে পারেনি। হোটেলের বাইরের আগুন জ্বলতে দেখা গেছে। তবে সেটা ছিল সামান্য।

 

ইরানের হামলায় কাতারে আহত ১৬

 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলায় বেশ ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। রোববার (১ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ৮ জন আহতের খবর জানিয়েছিল দোহা। এছাড়াও বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার।

 

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন?

 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের এই সংকটপূর্ণ সময়ে প্রশ্ন হলো, খামেনির মৃত্যুতে তার উত্তরসূরি কে হচ্ছেন! বিবিসির খবর, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি, আলিরেজা আরাফি, মেহদি মিরবাগেরি ও হাসান খোমেনি।


মোজতবা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তবে বংশানুক্রমিক উত্তরাধিকার শিয়া ধর্মীয় কাঠামোতে অপছন্দনীয় এবং তার আনুষ্ঠানিক সরকারি পদ নেই। আরাফি বিশেষজ্ঞ পরিষদের উপ-চেয়ারম্যান এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত হলেও নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে তার ঘনিষ্ঠতা সীমিত। কঠোর অবস্থানের জন্য পরিচিত বাগেরি। ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা খোমেনির নাতি হাসান ধর্মীয় বৈধতা রাখলেও ক্ষমতার কেন্দ্রে তার প্রভাব কম।

 

খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরাইলকে যে বার্তা দিলো ইরানের প্রেসিডেন্ট


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যায় জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১ মার্চ) সকালে ইরানের প্রেসিডেন্ট তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে খামেনির হত্যাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন এবং এর কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গুরুতর অপরাধ কখনো অপ্রতিক্রিয়ায় থাকবে না এবং এটি ইসলামি বিশ্বের ও শিয়াবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলবে। এই মহান নেতার বিশুদ্ধ রক্ত একটি উন্মাদ স্রোতের মতো প্রবাহিত হবে এবং মার্কিন-জায়োনিস্টদের শোষণ ও অপরাধ নির্মূল করবে।’

 

আরও পড়ুন: খামেনির মৃত্যুতে ইরানের নেতৃত্ব যাদের কাঁধে

 
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এইবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তার সঙ্গে, ইসলামি জাতি এবং বিশ্বের মুক্ত মানুষদের সমর্থন নিয়ে, এই গুরুতর অপরাধের পরিকল্পনাকারী ও দায়ীদের অনুতপ্ত করে তুলব।’

 

আলি শামখানি ও পাকপুরের নিহতের খবর নিশ্চিত করল ইরান

 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এ খবর নিশ্চিত করেছে। 

 

খামেনির মৃত্যুতে ইরানের নেতৃত্ব যাদের কাঁধে

 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। তার মৃত্যুর পর একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এ সংকটকালীন সময়ে দেশটিকে কারা নেতৃত্ব দেবেন?

ইরান জানিয়েছে, দেশের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তদারক করবেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং একজন আইন বিশেষজ্ঞ।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইন বিশেষজ্ঞ নিয়ে গঠিত তিন সদস্যের একটি পরিষদ সাময়িকভাবে রাষ্ট্রের সব নেতৃত্বমূলক দায়িত্ব গ্রহণ করবে।

 

‘মুক্তির সময় এসে গেছে’, ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে রেজা পাহলভি


ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের জন্য ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন রেজা শাহ পাহলভি। যুক্তরাষ্ট্রে নির্বাসিত এই নেতা বলেছেন, ইরানের নাগরিকরা দীর্ঘদিন ভোগান্তির মধ্যে দিয়ে গেছে। এবার মুক্তির সময়।

রেজা শাহ পাহলভি ইরানের শেষ রাজার ছেলে। ইরানে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত। এক্সে এক পোস্টে এই নেতা ট্রাম্পকে ধন্যবাদ দেন। পাহলভি লেখেন, ‘সাহসী ইরানি জনগণ স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে বড় মূল্য দিয়েছে। তাদের ত্যাগ বৃথা যাবে না।’


তিনি আরও বলেন, দেশের ভেতরে পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং জনগণ একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ চায়।

 

আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি আইআরজিসির

 

ইরানের আরও ৩০ জায়গায় ইসরাইলের হামলা


ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের আরও ৩০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এবারের হামলার স্থান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চল। এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ‘সামরিক গোয়েন্দা বিভাগের নির্দেশনায় বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান ‘অল্প কিছুক্ষণ’ আগে আরেক দফা হামলা সম্পন্ন করেছে। এসব হামলায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’


ইসরাইল আরও জানিয়েছে, ইরানে আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক সদর দফতর এবং অন্যান্য ‘শাসনব্যবস্থার লক্ষ্যবস্তু’র ওপর হামলা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের ওপর ইসরাইলের এই হামলা শুরু হয়েছে গতকাল ভোর রাতে। গতকাল পর্যন্ত পাঁচশর অধিক স্থানে হামলা করার দাবি করেছিল ইসরাইল। এরমধ্যে একটি হামলা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। এতে পঞ্চাশের অধিক শিক্ষার্থী নিহত হয়েছে।

এই হামলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘ভারী বোমাবর্ষণ পুরো সপ্তাহজুড়ে, অথবা যতদিন প্রয়োজন বিরতিহীনভাবে চলবে।’ একজন মার্কিন কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই হামলা কয়েক দিন ধরে চলতে পারে।

 

খামেনিকে কোথায় হত্যা করা হয়?


ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল সংবাদমাধ্যম বিবিসি। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার ভোরে খামেনিকে তার কার্যালয়েই হত্যা করা হয়েছে। ওই সময় তিনি ‘তার ওপর অর্পিত দায়িত্ব পালনরত ছিলেন।

 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় একইসঙ্গে নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতিও। সংবাদমাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরার প্রতিবেদনে তাদের মৃত্যুর এ তথ্য জানানো হয়।

 

আরও পড়ুন: সুরক্ষিত ভবনে খামেনিকে কীভাবে হত্যা করা হলো?

 

খামেনিকে হত্যার ঘটনায় ইতোমধ্যে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার (১ মার্চ) ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

 

এদিকে বিধ্বংসী অভিযানের ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।  ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে ঘোষণা করেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সামরিক অভিযান শুরু হতে যাচ্ছে’।

]]>
সম্পূর্ণ পড়ুন