ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠের বেকাসি তিমুর স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, একটি কমিউটার ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে ছিল। একই লাইনে পেছন থেকে একটি দূরপাল্লার ট্রেন আসে। কমিউটার ট্রেনটিকে জোরে ধাক্কা দেয় দূরপাল্লার ট্রেনটি। এতে হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এ দুর্ঘটনায় অন্তত ৮১ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআইয়ের মুখপাত্র অ্যান পুরবা প্রথমে জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আর আহত ৩৮ জনকে কাছাকাছি হাসপাতালগুলোয় নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ। রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এই আশঙ্কার কথা বলেছিলেন।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটি (কেএনকেটি) দুর্ঘটনাটি কেন ঘটল, তা তদন্ত করছে।









Bengali (BD) ·
English (US) ·