ইটভাটার মাটির নিচে মিলল ৩০ কোটি টাকার মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার

১ দিন আগে
কক্সবাজারের টেকনাফে ইটভাটার মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।

সোমবার (০৪ এপ্রিল) সকালে বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ ও ইয়াবার পাশাপাশি উদ্ধার করা হয়েছে পিস্তল ও গুলি। আটক করা হয়েছে একাধিক মামলার আসামিকেও।


নৌবাহিনী জানায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে টেকনাফে শুরু হয় বিশেষ অভিযান। লক্ষ্য-মাদক ও অস্ত্রের বড় চালান জব্দ করা। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় তল্লাশি চালিয়ে মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। উদ্ধার করা হয় ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা, যার বাজারমূল্য ৩০ কোটি টাকা বলে জানিয়েছে নৌবাহিনী।


আরও পড়ুন: নেশাজাতীয় পানীয় তৈরির ৫ হাজার ভাং গাছ উদ্ধার


অভিযানে শুধু মাদকই নয়, জব্দ করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলিও। এ সময় আলিখালি এলাকা থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে গ্রেফতার করা হয়।


নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আকিব শাহরিয়ার হিমো বলেন, ‘দেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অস্ত্র চোরাচালান দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে একটি বিশেষ অভিযান চালানো হয়।’


আরও পড়ুন: ঝিনাইদহে বাসে তল্লাশি, সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ উদ্ধার


তিনি আরও জানান, অভিযান চলাকালে হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় তল্লাশি চালিয়ে মাটির নিচে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে: ২৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৫ কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা। এ ছাড়া দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলাবারুদ জব্দ করা হয়েছে।


পরবর্তীতে একই এলাকা থেকে একাধিক মাদক ও অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন