দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক চেষ্টা চললেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তিনি জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের বোহোদুখিভ শহরে একটি বেসামরিক বাড়িতে রুশ ড্রোন আঘাত হানে।
এতে একই পরিবারের চারজন নিহত হন এবং গর্ভবতী মা গুরুতর আহত হন। তিনিই একমাত্র জীবিত উদ্ধার হন। খারকিভের আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয় জানায়, হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। নিহতদের মধ্যে ৩৪ বছর বয়সি বাবা, দুই বছর বয়সি যমজ ছেলে এবং তাদের এক বছর বয়সি বোন রয়েছে।
আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও গ্রিস, ইতালি ও ফ্রান্সের আকাশপথ ব্যবহার নেতানিয়াহুর
৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা মা ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হলেও বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন তিনি। এ ঘটনায় রুশ সীমান্ত থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বোহোদুখিভ শহরের মেয়র ভলোদিমির বিয়েলিই ফেসবুকে তিন দিনের শোক ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ—আমাদের ভবিষ্যৎ—হারিয়েছি।’
তিনি জানান, শিশুদের মা হাসপাতালে জীবনের জন্য লড়ছেন। তার ভাষায়, ‘এই পরিবারের সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ নেই। যে মা তার সন্তান হারিয়েছেন, তার হৃদয়ের ব্যথা কোনো প্রার্থনাই সারাতে পারবে না।’
সুমি অঞ্চলেও দুই শিশু নিহত
পৃথক আরেক হামলায় উত্তর–পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে আরও দুই শিশু নিহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলের একাধিক জেলায় হামলার ঘটনা ঘটে।
জেলেনস্কি বলেন, মঙ্গলবার রাত থেকে ইউক্রেনের ওপর ১২৯টি দূরপাল্লার রুশ ড্রোন নিক্ষেপ করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল জাপোরিঝঝিয়ার একটি হাসপাতাল, সুমি অঞ্চলের কোনোতোপে একটি রেল ডিপো এবং দিনিপ্রো ও পোলতাভায় অন্যান্য স্থাপনা।
আরও পড়ুন: ইউরোপ যুদ্ধ শুরু করলে কী হবে, জানাল রাশিয়া
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী দিমিত্রো কুলেবা টেলিগ্রামে জানান, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি রেলস্টেশনেও হামলা হয়েছে। এতে লোকোমোটিভ, রেলকার ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একে বেসামরিক লজিস্টিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক হামলা বলে উল্লেখ করেন।
জেলেনস্কি বলেন, চলমান হামলা প্রমাণ করে রাশিয়া যুদ্ধ থামানোর প্রস্তুতি নিচ্ছে না। ‘প্রতিটি হামলাই কূটনৈতিক প্রচেষ্টার প্রতি আস্থা দুর্বল করে এবং দেখিয়ে দেয় যে হত্যাযজ্ঞ থামাতে রাশিয়ার ওপর শক্ত চাপ ও ইউক্রেনের জন্য স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তাই একমাত্র পথ,’ তিনি বলেন।
রাশিয়ার ভেতরে ইউক্রেনের পাল্টা হামলা
এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের বিমান, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী রুশ সেনাদের অবস্থান, একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, ছয়টি আর্টিলারি সিস্টেম, পাঁচটি কমান্ড পোস্টসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার সামরিক কর্মকর্তাকে গুলির ঘটনায় সন্দেহভাজন দুবাইতে গ্রেফতার
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় ভলগোগ্রাদ শহরের একটি শিল্পকারখানায় আগুন লাগে। আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বোচারভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষে একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
]]>
১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·