আহত হয়ে হাসপাতালে পাকিস্তানের হুসাইন তালাত

৪ সপ্তাহ আগে
ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাত। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বাউন্ডারিতে একটি বল ধরতে গিয়ে আহত হন তালাত। একাধিক গ্রাউন্ড স্টাফ জানান, কাঁধে আঘাত পেয়েছেন তিনি।


তাৎক্ষণিকভাবেই বাউন্ডারি লাইনে গিয়ে তালাতকে পর্যবেক্ষণ করেন ম্যাচে নিযুক্ত ফোর্থ আম্পায়ার। এসময় পরিস্থিতি বুঝতে পেরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


আরও পড়ুন: মিরপুরে শিলাবৃষ্টি, খেলা বন্ধ


এ ঘটনায় অবশ্য খেলা থেমে থাকেনি৷ তবে পরের ওভার চলাকালে বজ্রপাতের কারণে বন্ধ করা হয় ম্যাচ। প্রচণ্ড শিলাবৃষ্টি এবং বজ্রপাতের কারণে এখনও ম্যাচ বন্ধ আছে। স্টেডিয়ামের ফ্লাডলাইটও বন্ধ।


তালাতকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এ বিষয়ে আপডেট জানিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। পিসিবি জানায়, কাঁধে চোট পেয়েছেন তালাত। দলের মেডিকেল টিম প্রাথমিকভাবে তার চিকিৎসা করেছে। প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চোট গুরুতর কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষার পরেই বলা যাবে, জানিয়েছে পিসিবি।

]]>
সম্পূর্ণ পড়ুন