‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

১ দিন আগে
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে সিনেমার অভিনেতা থেকে রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবারের নির্বাচনে অংশ নিয়েই তার এই সাফল্যে রাজনৈতিক মহলে বড় চমক তৈরি করেছে। উচ্ছ্বসিত করেছে তার পরিবারকেও।

বিজয়ের এই সাফল্য নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বাবা চলচ্চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমত, বাবা হিসেবে আমি খুবই গর্বিত ও আনন্দিত। কারণ গত দুই বছর ধরে আমি ও আমার স্ত্রী ওর মধ্যে অসাধারণ আত্মবিশ্বাস দেখেছি।’

 

চন্দ্রশেখর বলেন, তার ছেলে বিজয়ে তাকে বলেছিলেন ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’। তিনি আরও বলেন যে, তার ছেলে পুরো প্রচারণাজুড়ে অটল বিশ্বাস দেখিয়েছিলেন। তার কথায়, ‘এই বিশ্বাসে এক শতাংশও সন্দেহ ছিল না ওর। এ কথা ও আগেই বলেছে।’

 

চন্দ্রেশখর আরও যোগ করেন, ‘একজন নেতার জন্য এই সাহস—কোনো জোট ছাড়াই লড়াই করা—খুবই প্রশংসনীয়। এটা তামিলনাড়ু ও তার মানুষের জন্যও ভালো। আমি মনে করি, এটা ঐতিহাসিক সাফল্য।’

 

আরও পড়ুন: তামিলনাড়ুতে বিজয় ঝড়, ফলাফল দেখে থালাপতির ‘কাছের লোক’ হওয়ার চেষ্টায় কংগ্রেস!

 

বিজয়ের সাফল্যে তার মা শোভা চন্দ্রশেখরও আনন্দিত বলে বলেন জানান এস এ চন্দ্রশেখর। চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা না হলেও প্রাথমিক ট্রেন্ডে বিজয়ের দল টিভিকে ১০০-এর বেশি আসনে এগিয়ে। এই খবরে বিজয়ের বাসভবনের বাইরে উদযাপন শুরু হয়।

 

ভক্তদের ভিড় বাড়তে থাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও দেখা গেছে বিজয়ের বাড়িতে।

 

দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার উপস্থিতিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিজয়ের সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তামিল তারকা নানি, ভেঙ্কট প্রভুসহ অনেকেই।

 

আরও পড়ুন: নিজ আসনে হারলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন

]]>
সম্পূর্ণ পড়ুন