আপনারা সেই রাতগুলো দেখেননি, যখন আমি একা কেঁদেছি: সেলিনা জেটলি

৬ দিন আগে
ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি। চলছে বিচ্ছেদের মামলা।

একদিকে দাম্পত্য কলহ, অন্যদিকে ২০২৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে আটক রয়েছেন তার ভাই। সব ঝড় পেরিয়ে হাসির আড়ালে জীবনের কঠিন বাস্তবতাকে লুকিয়ে রেখেছেন অভিনেত্রী।


জীবনের কঠিন এই বাস্তবতায় মানসিকভাবে নিজেকে শক্ত রাখলেও বহু রাতে একা কেঁদেছেন সেলিনা। বুকভরা কষ্ট নিয়ে ভেবেছেন, সব ছেড়ে চলে যাওয়াই হয়তো সহজ পথ।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সেলিনা। যেখানে উঠে এসেছে বিকৃত যৌনতা, পণের দাবি এবং সীমাহীন অবহেলার করুণ চিত্র।

 

আরও পড়ুন: রাজেশ খান্নার ‘গোপন বিয়ে’ ফের আলোচনায়


সেলিনা তার পোস্টে লিখেছেন, ‘আজ আমাকে হাসতে দেখে ভাববেন না এই পথ চলা সহজ ছিল। আপনারা আমার সেই রাতগুলো দেখেননি, যখন আমি একা কেঁদেছি। দেখেননি আমার শূন্যতায় ভরা দিনগুলো। এই হাসি আসলে অনেক কান্না আর সংগ্রামের ফসল। আমি নিজেকে শান্ত রাখতে শিখেছি, একা লড়াই করতে শিখেছি।’


অভিনেত্রীর দাবি, বিয়ের পরপরই পিটারের আসল রূপ বেরিয়ে আসে। পণের জন্য সেলিনাকে অনবরত চাপ দিতেন পিটার। ভারতীয় প্রথার দোহাই দিয়ে দামী গয়না ও টাকা দাবি করতেন তিনি। এমনকি সেলিনার পরিবার থেকে প্রায় ৭ লাখ টাকার উপহার দেয়ার পরেও মেলেনি রেহাই।


স্মৃতিচারণ করতে গিয়ে সেলিনা জানান তার মধুচন্দ্রিমার ভয়ংকর অভিজ্ঞতার কথা। ইতালিতে থাকাকালীন ঋতুস্রাবের তীব্র যন্ত্রণায় যখন তিনি কাতরাচ্ছিলেন, তখন ডাক্তার ডাকার পরিবর্তে মেজাজ হারিয়ে সেলিনার দিকে ওয়াইন গ্লাস ছুড়ে মারেন পিটার। এখানেই শেষ নয়, যমজ সন্তান প্রসবের মাত্র তিন সপ্তাহ পর, যখন তিনি সন্তানদের স্তন্যপান করাচ্ছিলেন, সেই অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্বামী। পরবর্তীতে এক প্রতিবেশীর সহায়তায় সে যাত্রায় রক্ষা পান তিনি।

 

আরও পড়ুন: সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের


দীর্ঘদিন ক্যামেরার আলো থেকে দূরে আছেন সেলিনা। বাস্তবতাকে মেনে নিয়ে নিজের ভেতরেই খুঁজে নিয়েছেন শক্তি। সময়ের সঙ্গে হয়েছেন আরও দৃঢ়, আত্মবিশ্বাসী।


গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা এই লড়াই যেন মনে করিয়ে দেয়, মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। সেলিনা জেটলি দেখিয়ে দিয়েছেন- সময়টা যত কঠিনই হোক, আত্মশক্তিই পারে মানুষকে নতুন করে দাঁড় করাতে।

]]>
সম্পূর্ণ পড়ুন