আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন-সুচন্দা

২৩ ঘন্টা আগে
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও ঢালিউডের বরেণ্য অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন।

চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই দুই কিংবদন্তি শিল্পীকে এ বছরের সর্বোচ্চ এই সম্মাননা দেয়া হচ্ছে।

 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের তৃতীয় আসর থেকে আজীবন সম্মাননা প্রদান শুরু হয়। বাইফার আজীবন সম্মাননা রুনা লায়লা, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ পাওয়ার পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সাবিনা ইয়াসমিন ও সুচন্দা।

 

পুরস্কার প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন,

পুরস্কার যে কোনো শিল্পীর জন্য অনুপ্রেরণাদায়ক। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি শ্রোতার ভালোবাসার পাশাপাশি দেশ-বিদেশে অনেক পুরস্কার পেয়েছি। তবে বাইফা আজীবন সম্মাননা আমার কাছে বিশেষ, কারণ এর সঙ্গে নতুন প্রজন্মের স্বপ্নবাজ তরুণরা যুক্ত।

 

অন্যদিকে সুচন্দা বলেন,

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে—এটাই সবচেয়ে আনন্দের। বিভিন্ন সময় পুরস্কার গ্রহণে অনীহা থাকলেও বাইফা আজীবন সম্মাননা আমি আনন্দচিত্তে গ্রহণ করছি।

 

দর্শক ভোট ও জুরি বোর্ডের মাধ্যমে বাইফা অ্যাওয়ার্ডের এবারের আসরে মোট ২৯টি ক্যাটাগরিতে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরাদের পুরস্কৃত করা হবে।অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে তারকাদের পরিবেশনা, ফ্যাশন শো, রেড কার্পেট ও গ্ল্যামার সেগমেন্ট।

 

আরও পড়ুন: ঈদুল আজহায় আসছে ‘নাকফুলের কাব্য’

 

আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইফা অ্যাওয়ার্ড সিজন ৫-এর জমকালো আয়োজন।

 

আরও পড়ুন: ঢালিউডে বর্তমান ট্রেন্ড ভাঙার কথা জানালেন অনন্ত জলিল

]]>
সম্পূর্ণ পড়ুন