আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ’র স্থলাভিষিক্তের গুঞ্জনে মুখ খুললেন নাকভি

১ দিন আগে
আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ’র স্থলাভিষিক্ত হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি–এমন গুঞ্জন ক্রমেই ডালপালা মেলছিল। যার প্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হলেন পিসিবি চেয়ারম্যান নাকভি। সোমবার (১৩ এপ্রিল) তিনি এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ওঠে যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করা নাকভি ক্রিকেট বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে সামলাতে যাচ্ছেন এবং আইসিসির নতুন চেয়ারম্যান হচ্ছেন।


তবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান্সের ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবে এই জল্পনা নাকচ করেন।


প্রশ্নের জবাবে নাকভি বলেন, না, আমার ওপর ইতিমধ্যেই অনেক দায়িত্ব রয়েছে।’


এদিকে, পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, চলমান পিএসএলে আবার দর্শকদের স্টেডিয়ামে ফেরানোর জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আবারও কথা বলবেন।


আরও পড়ুন: নভেম্বর-ডিসেম্বরে বসবে আইএলটি২০’র আসর


তিনি বলেন, দর্শকদের বিষয়টি নিয়ে আমি আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। পিসিবি সর্বোচ্চ চেষ্টা করবে দর্শকদের স্টেডিয়ামে ফিরিয়ে আনতে।’ তবে নাকভি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থেকে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


এর কয়েকদিন আগেই পিসিবি ঘোষণা দিয়েছিল যে, সরকারি মিতব্যয়ী নীতির অংশ হিসেবে পিএসএলের ম্যাচগুলো দর্শকবিহীনভাবে অনুষ্ঠিত হবে।


সেই সময় নাকভি জানিয়েছিলেন, টুর্নামেন্টটি সীমিত করে দুটি ভেন্যু করাচি ও লাহোরে আয়োজন করা হবে, যাতে জনসমাগম কমানো যায়। এই সিদ্ধান্তটি নেওয়া হয় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সাশ্রয়ী পরিকল্পনার অংশ হিসেবে।


আরও পড়ুন: নাহিদ-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে মুলতানকে হারালো পেশোয়ার


পরবর্তীতে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক দর্শক ফিরিয়ে আনার দাবি জানান। তাদের মতে, দর্শক ছাড়া লিগের আসল আবহ ও পরিচয় নষ্ট হয়ে যায়। তারা প্রধানমন্ত্রী ও প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের কাছে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন জানান।


নাকভি দর্শক ফেরানোর ইচ্ছা প্রকাশ করলেও, টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা তিনি নাকচ করে দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন