‘আইসিইউ খুঁজতে খুঁজতে নিভে যায় শিশুদের প্রাণ’, ‘টিকাদান ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি কম’

৬ দিন আগে
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।

 

সব খাতে মধ্যপ্রাচ্য যুদ্ধের ক্ষত - দৈনিক আজকের পত্রিকার প্রধান খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কালো ছায়া পড়েছে বিশ্বের দেশে দেশে। নানা সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি। বাংলাদেশও এর বাইরে নেই। অনিশ্চয়তার ছাপ এসে পড়েছে দেশের অর্থনীতির প্রতিটি খাতে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন ব্যয় থেকে বাজারদর, শিল্প উৎপাদন থেকে আমদানি-রফতানিতে। সব জায়গায় বেড়ে যাচ্ছে ব্যয়। আর তাতে শেষ পর্যন্ত ভুগতে হচ্ছে মানুষকেই।

 

 


অর্থনীতির এই অবস্থা নিয়ে এরই মধ্যে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, যুদ্ধকেন্দ্রিক সংকটের কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশে নেমে আসতে পারে। পাশাপাশি প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচেই থেকে যেতে পারে।

 

আইসিইউ খুঁজতে খুঁজতে নিভে যায় শিশুদের প্রাণ - দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম এটি। 


প্রতিবেদনটিতে বলা হয়েছে, শিশুর বাবা-মায়েরা চিকিৎসকের পরামর্শে যখন পিআইসিইউ শয্যার খোঁজে, তখন তারা পাচ্ছেন সন্তানের মৃত্যুসংবাদ। পিআইসিইউর সংকট নতুন করে সামনে এসেছে হামের প্রাদুর্ভাবের মধ্যে। বিভিন্ন ঘটনা জানা যাচ্ছে, যেখানে শিশুদেরকে জরুরিভাবে পিআইসিইউতে নেয়ার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন। কিন্তু শয্যা খালি পাওয়া যাচ্ছে না।


 

 


বড়দের নিবিড় পরিচর্যাকেন্দ্রকে বলা হয় আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। শিশুদের জন্য একই সেবার নাম পিআইসিইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট)। চিকিৎসকেরা জানিয়েছেন, বড়দের ও ছোটদের নিবিড় পরিচর্যাকেন্দ্রের কিছু দিক দিয়ে ভিন্নতা রয়েছে।

 

হাম পরিস্থিতি: টিকাদান ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি কম - দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার আরেকটি খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, টিকাদানে ঘাটতিসহ বিভিন্ন কারণে চলতি বছরে দেশে অতিসংক্রামক রোগ হাম খুব দ্রুত এবং বড় আকারে ছড়িয়ে পড়েছে। গত দেড় দশকের মধ্যে অল্প সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে এবার। আর শিশুমৃত্যু হয়েছে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে রোগটির জন্য বাংলাদেশ ‘অতিঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকলেও টিকাদান ছাড়া মাঠপর্যায়ের অন্যান্য প্রস্তুতিতে সরকারের তৎপরতা জোরালো নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।


 

 


বছরের প্রথম দিকে হামের সংক্রমণ হলেও সরকার পরিসংখ্যান রাখা শুরু করে গত ১৫ মার্চ থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৫৬ শিশুর। একই সঙ্গে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬২ শিশু। গতকাল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৭ শিশুর। আর ২২৬ শিশুর মৃত্যু হামে বলে সন্দেহ করা হচ্ছে। সে হিসাবে হাম ও এর উপসর্গে মোট মারা গেছে ২৭৩ শিশু।


আমলাতন্ত্রকে মেধার ভিত্তিতে সাজাতে বেগ পাচ্ছে সরকার - দৈনিক বণিকবার্তার প্রধান খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিঙ্গাপুরের প্রশাসনিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ডিনারে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সেখানে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালো রাজনৈতিক নেতৃত্ব ও একটি ভালো জনপ্রশাসন অভিন্ন লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করলে সাফল্য মেলে।’ শক্তিশালী ও উদ্ভাবনী সরকারি নীতি তৈরি এবং বাস্তবায়নের মাধ্যমে জনগণকে উচ্চমানের সেবা প্রাপ্তি নিশ্চিত করে দেশটির জনপ্রশাসন।

 

 

 

বিভিন্ন বৈশ্বিক ও স্থানীয় সংকট পরিস্থিতিতেও সিঙ্গাপুর যে এগিয়ে গেছে, তার পেছনে দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ভাবনী নেতৃত্বের ভূমিকার কথা স্মরণ করেছেন লি সিয়েন লুং। তিনি মনে করেন, এসব কারণে সিঙ্গাপুরের প্রশাসনিক কাঠামো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।

 

তলিয়ে যাচ্ছে হাওরের ধান, দিশাহারা কৃষক - দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদ এটি। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে বোরো ধান নিয়ে চরম সংকটে পড়েছে হাওরাঞ্চলের কৃষক। গত দুইদিন ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির ফলে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে যোগ হয়েছে টানা বৃষ্টিপাত। এতে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণাসহ হাওরের নিচু এলাকার ধানক্ষেতগুলো তলিয়ে যেতে শুরু করেছে।


 

 


সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের বিভিন্ন হাওরের লাখো কৃষক বর্তমানে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। এরই মধ্যে জেলার দুইটি বাঁধ ভেঙে এবং একটি বাঁধ উপচে হাওরে পানি প্রবেশ করায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।


৩৮০ উপজেলায় শিক্ষা কর্মকর্তার পদ শূন্য - দৈনিক কালের কণ্ঠের শেষের পাতায় প্রকাশিত সংবাদ এটি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৪৯৫ উপজেলার মধ্যে বর্তমানে ৩৮০ উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য বলে জানা গেছে। এর আগে গত বছরের শেষ দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর যে তথ্য দিয়েছিল, সে অনুযায়ী ৩২৮ উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য ছিল।

 

 


 

সূত্রের তথ্য অনুযায়ী, এ ছাড়া ২৮৯ উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তার পদও খালি রয়েছে; যদিও গত ফেব্রুয়ারিতে কর্মচারী থেকে ৮২ জনকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়। তা না হলে এই পদও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছাকাছি পর্যায়ে থাকত।

]]>
সম্পূর্ণ পড়ুন