অদম্য ১০: এভিয়েশন ও পর্যটন খাতে সাফল্যের মুকুট পরলেন যারা

৪ সপ্তাহ আগে
বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ নারী ব্যক্তিত্বকে ‘এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড-২০২৬’ দেয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।


এভিয়েশন ও টুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই পুরস্কারের এটি ছিল তৃতীয় আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন: পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি, কেবিন ক্রু ক্যাটাগরিতে নভো এয়ারের ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফারহানা ইয়াসমিন এবং কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে একই এয়ারলাইনসের মৌসুমি আক্তার।


এ ছাড়া এভিয়েশন উদ্যোক্তা হিসেবে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশন্স ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
 

আরও পড়ুন: ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া


পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য ট্যুর গাইড ক্যাটাগরিতে সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি টুরিজমে শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি এন্টারপ্রেনার ক্যাটাগরিতে ফারহানা রহমানকে পুরস্কৃত করা হয়েছে।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘নারীদের স্বীকৃতি দেয়ার এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এভিয়েশন ও পর্যটন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নিরলস কাজ করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারেও এই খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দেশের এই অগ্রযাত্রায় নারীদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আরও সামনের দিকে এগিয়ে নেবে।’


অনুষ্ঠানে এটিজেএফবির নেতারাসহ এভিয়েশন ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে এই দুই খাতের সম্ভাবনা এবং নারী কর্মীদের মেধার গুরুত্ব তুলে ধরেন।

]]>
সম্পূর্ণ পড়ুন